পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন, দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

0
পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন, দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

বাংলাদেশ প্রতিবেদকঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। আজ সোমবার দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবেন।

আজ সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ’।

তিনি আরও লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন’।

মন্ত্রিত্ব ত্যাগের পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও দলীয় কর্মকাণ্ড তুলে ধরে ইশরাক লেখেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে’।

রাজনৈতিক ও সামাজিক কাজের পরিধি বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, ‘দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন এলাকায় নিজস্ব আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দলবলসহ মাদকবিরোধী অভিযানে নামেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ওই অভিযানের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। প্রতিমন্ত্রী পর্যায়ে এভাবে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো অভিযান পরিচালনার বৈধতা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও দলীয় সূত্রে অসন্তোষ দেখা দেয়।

পরবর্তীকালে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ঘটনাটিতে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা বিভাগ ও সংশ্লিষ্ট টিমকে নির্দেশ দেওয়া হয়।

রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে চলমান এই আলোচনার জের ধরেই রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর তার পদত্যাগের গুঞ্জন জোরালো হয়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমেই নিজ সিদ্ধান্ত স্পষ্ট করতে যাচ্ছেন ইশরাক হোসেন।