বাংলাদেশ প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই হামলার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে বর্তমান সরকারকে এর উচ্চমূল্য দিয়ে খেসারত দিতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জামায়াত আমির এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানাই।’
হামলাটিকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে বিরোধীদলীয় নেতা আরও লেখেন, ‘অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। এ ধরনের নাশকতার পর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’
এর আগে, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নিজের বাড়িতে হামলার বিষয়টি দেশবাসীকে জানান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রলবোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।’
বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই এনসিপির অফিশিয়াল মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে অভিযোগ করা হয়, দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে ‘আওয়ামী সন্ত্রাসীরা’ পেট্রলবোমা নিক্ষেপ করেছে।
এ বিষয়ে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত গণমাধ্যমকে জানান, তাদের দৃঢ় ধারণা, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুর্বৃত্তরাই রাতের আঁধারে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
হামলা ও অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘বাড়িটির যে অংশে আগুন দেওয়া হয়েছে, সেটি মূলত গরু রাখার একটি ঘর। ঘটনার পরপরই প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ওই ঘরের ভেতরে গরু থাকলেও সেগুলো নিরাপদে বের করে নেওয়া সম্ভব হয়েছে, ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
পুলিশ জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এই অগ্নিসংযোগ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

