সংসদ সদস্য পদ থেকে ড. ওসমান ফারুকের পদত্যাগ

0
সংসদ সদস্য পদ থেকে ড. ওসমান ফারুকের পদত্যাগ

বাংলাদেশ প্রতিবেদকঃ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ই-মেইলের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শারীরিক অবস্থার অবনতি ও নিয়মিত চিকিৎসাধীন থাকার কারণে সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এমনকি সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি দেশে ফিরতে না পারায় ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি; সে সময়ও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করতে পারেন। তবে ই-মেইলে পাঠানো পদত্যাগপত্রটি গৃহীত হওয়ার ক্ষেত্রে স্পিকারের দাপ্তরিক যাচাই-বাছাই ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে। পদত্যাগপত্রটি গৃহীত হলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে অবহিত করবে সংসদ সচিবালয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে বিজয়ী হন। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং চারদলীয় জোট সরকারের আমলে সফলতার সাথে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি বিশ্বব্যাংকের একজন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণকারী ড. ওসমান ফারুক শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি ১৯৫৬ সালে ঢাকার সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

উচ্চশিক্ষার উদ্দেশ্যে ১৯৬৩ সালে তিনি মার্কিন সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের (USAID) ফেলোশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান। সেখানে ১৯৬৪ সালে টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে দ্বিতীয়বার স্নাতকোত্তর এবং ১৯৭০ সালে খ্যাতনামা কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।