সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: কানাইঘাটের চার বাংলাদেশি নিহত

0
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: কানাইঘাটের চার বাংলাদেশি নিহত

সিলেট প্রতিনিধি : সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে দ্রুতগামী গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটিতে নিযুক্ত দূতাবাস ও স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত চার প্রবাসীর প্রত্যেকের নিজ বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তারা দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।

প্রাথমিক তথ্যে নিহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন কানাইঘাটের করিম উদ্দিন ও খালিদ মিয়া। নিহত অপর দুই প্রবাসীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তাদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় কমিউনিটি ও প্রশাসন কাজ করছে।

বিমানবন্দরগামী যাত্রীদের বহনকারী গাড়িটি আল-খুরমা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক ও তিন যাত্রী প্রাণ হারান।

ঘটনার পরপরই স্থানীয় ট্রাফিক পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের হিমঘরে পাঠায়। দুর্ঘটনার খবর কানাইঘাটে পৌঁছালে নিহতদের স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে।

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেট কর্মকর্তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর জন্য তৎপরতা চালাচ্ছেন।