জয়নাল আবেদীন: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রংপুওে প্রীতি নারী ক্রিকেট প্রতিযোগিতা হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্রিকেট গার্ডেন মাঠে বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়াসংস্থা ক্রিকেট দলের মধ্যকার খেলার উদ্বোধন করেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি, অতিরিক্ত সচিব হোমায়রা বেগম।
খেলায় রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থাকে ৫০ রানে হারিয়ে বিজয়ী হয় রংপুর জেলা ক্রীড়া সংস্থা দল। সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও বিজীত দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি লুৎফর নেছা আজিজা। এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সেলোয়ারা বেগমসহ অন্যরা। এ সময় নেতৃবৃন্দরা বলেন, ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে উপস্থাপন করতে পুরুষ দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নারী ক্রিকেটারদের ভূমিকা পালন করতে হবে।
এজন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি নারী খেলোয়াড়দের প্রয়োজন সমর্থন, উৎসাহ ও ভালোবাসা। নারী ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে এরকম আয়োজন বেশি বেশি করা প্রয়োজন। রংপুর অঞ্চলে অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে যারা চাইলেই বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে নারী খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে পারে।

