আন্তর্জাতিক ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়নস লিগের কাঙ্ক্ষিত শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সমর্থকদের উচ্ছ্বাস শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সহিংসতায় রূপ নিয়েছে। ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এই বিশৃঙ্খলার জেরে দেশজুড়ে অন্তত ৪১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার ভোররাত পর্যন্ত চালানো বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৮০ জনই রাজধানী প্যারিসের বাসিন্দা বা সেখানকার বিশৃঙ্খলার সঙ্গে সরাসরি জড়িত। পিএসজির ঐতিহাসিক জয়ের পর হাজার হাজার সমর্থক প্যারিসের বিভিন্ন সড়ক ও চত্বরে উৎসবে মেতে উঠলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আইনশৃঙ্খলা বজায় রাখতে ফ্রান্সে বিপুলসংখ্যক পুলিশ মো মোতায়েন করা হলেও বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকায় সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে একপর্যায়ে কাঁদানে গ্যাস ও টিয়ারশেল নিক্ষেপ করতে হয়।
স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, উচ্ছৃঙ্খল সমর্থকরা উন্মত্তভাবে আতশবাজি ও ফ্লেয়ার ছোড়ার পাশাপাশি রাস্তায় থাকা মোটরসাইকেল এবং বৈদ্যুতিক বাইকে আগুন ধরিয়ে দিচ্ছে। এছাড়া বেশ কিছু দোকানপাট, শপিং মল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে অন্তত সাতজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। সহিংস সমর্থকরা এ সময় ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনিয়েজ এই সহিংস তাণ্ডবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছেন। জননিরাপত্তা বিঘ্নিত করার পেছনে দায়ীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালে পিএসজির ইউরোপীয় শিরোপা জয়ের পর ফ্রান্সে একই ধরনের ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছিল। সে বছরের সংঘর্ষে ১৭ বছর বয়সী এক কিশোরসহ দুজন নিহত হওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছিল।
এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পিএসজির শিরোপা জয়ের আনুষ্ঠানিক উদ্যাপন থেমে থাকছে না। রোববার প্যারিসের রাস্তায় চ্যাম্পিয়ন ফুটবলারদের নিয়ে একটি জমকালো ছাদখোলা বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়া একই দিনে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের এক সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: বিবিসি

