টানা ৭ দিনের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস: গাবতলীতে ঢাকামুখী মানুষের ঢল

0
টানা ৭ দিনের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস: গাবতলীতে ঢাকামুখী মানুষের ঢল

এনামুল হকঃ পরিবার-পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ উদ্‌যাপন শেষে চিরচেনা ব্যস্ত নগরী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। টানা সাত দিনের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল সোমবার (১ জুন) থেকে খুলছে সব অফিস-আদালত ও ব্যাংক-বীমা। ফলে কর্মস্থলে যোগ দিতে রোববার (৩১ মে) সকাল থেকেই গাবতলী বাস টার্মিনাল ও টেকনিক্যাল মোড় এলাকায় ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সরেজমিনে আজ রোববার গাবতলী এলাকা ঘুরে দেখা যায়, উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে আসা একের পর এক দূরপাল্লার বাস এসে থামছে টার্মিনালের বিপরীত পাশে। বাস থেকে নেমেই যাত্রীরা যে যার মতো ছোটেন নিজস্ব গন্তব্যে। কেউ লোকাল বাসে, কেউ বা সিএনজি অটোরিকশায় চেপে বসছেন। দূরপাল্লার বাস থেকে যাত্রী নামার সাথে সাথেই সিএনজি ও রাইড শেয়ারিং চালকদের হাঁকডাক ও ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো।

বগুড়া রুটে চলাচলকারী মানিক এক্সপ্রেসের চালক মো. আব্দুল মতিন জানান, সকাল থেকেই যাত্রীদের ভালো চাপ রয়েছে। তবে দুপুরের পর বা বিকেলের দিকে এই ভিড় আরও কয়েক গুণ বাড়বে। তিনি বলেন, “এখন যেসব যাত্রী আসছেন, তারা সবাই অগ্রিম টিকিটের। আমাদের গাড়িতে আগামী শনিবার পর্যন্ত সব অগ্রিম টিকিট বুকড হয়ে আছে। আজ থেকে প্রতিটি ট্রিপই ফুল যাত্রী নিয়ে ঢাকায় ঢুকবে।”

চাঁদনী ট্রাভেলসের চালক মো. আব্দুর রাজ্জাকও একই সুর মিলিয়ে বলেন, “আজ মোটামুটি সব গাড়িই ফুল আসছে। তবে ঈদ-পরবর্তী মূল যে চাপ, তা আগামীকাল সোমবার আরও ব্যাপকভাবে টের পাওয়া যাবে।”

যাওয়ার সময়ের তুলনায় এবার ফেরার পথে যাত্রীদের তেমন কোনো ভোগান্তির মুখে পড়তে হয়নি। বগুড়া থেকে আসা যাত্রী মেহেদী বলেন, “যাওয়ার সময় রাস্তায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছিল। তবে আজ আসার সময় রাস্তা পুরো ফাঁকা পেয়েছি, নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগেই ঢাকা চলে এসেছি।”

একই স্বস্তির কথা জানান মানিক এক্সপ্রেসের চালক মতিন। সকাল সাড়ে ৭টায় বগুড়া থেকে ছেড়ে বেলা সাড়ে ১১টার আগেই তিনি গাবতলী এসে পৌঁছান। অন্যদিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে আসা সেলফি পরিবহনের চালকের সহকারীরা জানান, ঘাটেও ঢাকামুখী যাত্রীদের বিপুল চাপ রয়েছে।

ফিরতি পথ স্বস্তিদায়ক হলেও কিছু কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের চিরাচরিত অভিযোগ তুলেছেন যাত্রীরা। পাবনা থেকে আরিচা হয়ে ঢাকায় আসা তুষার নামের এক যাত্রী বলেন, “আরিচাঘাট পার হওয়ার পর সেলফিস্ট্যান্ড পর্যন্ত যেখানে সবসময় ২০ টাকা ভাড়া নেওয়া হয়, আজ সেখানে ৩০ টাকা নিয়েছে। আবার সেলফি পরিবহনে ঢাকা পর্যন্ত নিয়মিত ভাড়া ১৮০ টাকা হলেও আজ ২০ থেকে ৩০ টাকা বেশি নেওয়া হচ্ছে। বেশি নেওয়ার কারণ জানতে চাইলে কাউন্টার ও স্টাফরা বলছেন— ঢাকা থেকে খালি গাড়ি নিয়ে তাদের ওপারে যেতে হচ্ছে।”

উল্লেখ্য, গত ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। এবারের ঈদে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারিত সরকারি ছুটির পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। ফলে সব মিলিয়ে টানা ৭ দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করে কর্মস্থলে ফিরছেন রাজধানী ঢাকা ছেড়ে যাওয়া লাখো মানুষ।