ক্রীড়া ডেস্কঃ স্পেনের বিশ্বসেরা আক্রমণভাগকে স্তব্ধ করে দিয়ে রাতারাতি ফুটবল দুনিয়ার লাইমলাইটে চলে এসেছিলেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক জোসিমার ডায়াস ‘ভোজিনিয়া’। তবে মাঠের সেই বীরত্বগাথার পেছনে লুকিয়ে ছিল এক নীরব বেদনা—গ্যালারিতে ছিলেন না তার সবচেয়ে বড় অনুপ্রেরণা, মা আনা কান্দিদা এভোরা। অবশেষে মার্কিন প্রশাসনের বিশেষ হস্তক্ষেপে কাটল সেই ভিসা জটিলতা। আগামী রোববার উরুগুয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই মায়ামিতে মা-ছেলের সেই বহু প্রতীক্ষিত আবেগঘন পুনর্মিলন ঘটতে যাচ্ছে।
স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ম্যাচসেরার অন্যতম দাবিদার ভোজিনিয়া গণমাধ্যমের সামনে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রয়োজনীয় ভিসার চড়া জামানত ও ফি দেওয়ার সামর্থ্য না থাকায় তার মা খেলা দেখতে আসতে পারছেন না।
এই খবরটি নজরে আসে মার্কিন প্রতিনিধি পরিষদের বিরোধী দলীয় নেতা (হাউস মাইনোরিটি লিডার) হাকিম জেফ্রিসের। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে বিশেষ অনুরোধ জানান।
হাকিম জেফ্রিস বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন যে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এই মানবিক আবেদনে দ্রুত সাড়া দিয়েছে। আনা কান্দিদা এভোরার সমস্ত ভিসা ফি মওকুফ করা হয়েছে এবং দ্রুততম সময়ে তাকে মায়ামিতে উড়িয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জেফ্রিস লেখেন “এই উদ্যোগ সফল করতে একসঙ্গে কাজ করার জন্য আমি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা, কেপ ভার্দে সরকার এবং আন্তর্জাতিক ফুটবল সংস্থাকে (ফিফা) আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী রোববারের ম্যাচের আগেই মা-ছেলের দেখা হচ্ছে।”
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পরাশক্তি স্পেনের বিপক্ষে ভোজিনিয়ার দুর্দান্ত সব ‘সেভ’ কেপ ভার্দেকে এনে দিয়েছিল ঐতিহাসিক এক পয়েন্ট। এবার নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী রোববার শক্তিশালী উরুগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে আফ্রিকার এই প্রতিনিধিরা।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামের গ্যালারিতে মায়ের উপস্থিতি ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষককে উরুগুয়ের বিশ্বমানের স্ট্রাইকারদের রুখে দিতে বাড়তি টনিক যোগাবে, তা বলাই বাহুল্য। মাঠের লড়াইয়ের আগে এই মানবিক জয় ফুটবল বিশ্বকাপকে আরও একবার অনন্য উচ্চতায় নিয়ে গেল।

