আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে এক মহাসড়কজুড়ে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে এক বন্দুকধারী। পাঁচ মাইল এলাকাজুড়ে চালানো পৃথক ৫টি গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের বহনকারী একটি উবারের চালকও রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে পুরো শহরকে আতঙ্কিত করে তোলে এই সিরিজ শুটিং।
৫টি হামলার মধ্যে ৩টিই ঘটেছে শহরের ব্যস্ততম ইন্টারস্টেট-৭০ (I-70) এবং ইন্টারস্টেট-৬৭০ (I-670) মহাসড়কে। প্রায় পাঁচ মাইল এলাকা জুড়ে এই চোরাগোপ্তা হামলা চালায় বন্দুকধারী।
আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম লা নাসিওন-কে দেওয়া সাক্ষাৎকারে সেই উবারে থাকা দুই মার্কিন সমর্থক ঘটনার ভয়াবহ বর্ণনা দেন। তারা জানান, বিশ্বকাপের ম্যাচ দেখার উন্মাদনা নিয়ে তারা অ্যারোহেড স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। আচমকাই একটি গাড়ি তাদের উবারের পাশে এসে গতি কমিয়ে জানালা দিয়ে দুটি গুলি ছুঁড়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।
“প্রথমে বিকট শব্দ শুনে আমরা ভেবেছিলাম গাড়ির চাকা বিস্ফোরিত (টায়ার বার্স্ট) হয়েছে। কিন্তু চালকের দিকে তাকিয়ে দেখি তিনি রক্তাক্ত! তখন বুঝতে পারি আমরা সরাসরি বন্দুক হামলার শিকার হয়েছি।”
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কানসাস সিটি পুলিশ। আহত উবার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কানসাস সিটি পুলিশের ক্যাপ্টেন জ্যাকব বেচিনা গণমাধ্যমকে জানান উবার চালকের পায়ে গুলি লেগেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং আঘাতটি প্রাণঘাতী নয়। গাড়িতে থাকা আর্জেন্টিনার সমর্থকরা অলৌকিকভাবে অক্ষত রয়েছেন।
পুলিশ স্টেশনে দ্রুত তাদের জবানবন্দি নেওয়ার পর, ম্যাচ মিস করতে দেওয়া হয়নি এই ভক্তদের। পুলিশের নিজস্ব টহল গাড়িতে (পুলিশ স্কোয়াড কার) করে কঠোর নিরাপত্তায় তাদের স্টেডিয়ামে পৌঁছে দেওয়া হয়।
পুলিশ স্পষ্ট করেছে যে, এই সিরিজ গুলিবর্ষণের ঘটনাগুলো মূল অ্যারোহেড স্টেডিয়াম থেকে অন্তত চার মাইল দূরে ঘটেছে। ফলে স্টেডিয়ামের ভেতরের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। কাকতালীয়ভাবে, এই স্টেডিয়ামেই নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে পরাজিত করে শুভসূচনা করেছে আর্জেন্টিনা দল। কিন্তু মাঠের বাইরের এই সহিংসতা ফুটবল ভক্তদের মাঝে কিছুটা আতঙ্কের ছায়া ফেলেছে।
এই রক্তক্ষয়ী ঘটনার পর পুরো কানসাস সিটি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান সূত্রে পুলিশ ২২ বছর বয়সী এক সন্দেহভাজনকে চিহ্নিত করেছে।
শহরের আইন প্রয়োগকারী সংস্থাগুলো জনসাধারণকে সতর্ক করে জানিয়েছে, সন্দেহভাজন ওই যুবক অত্যন্ত “সশস্ত্র ও বিপজ্জনক” (Armed and Dangerous)। তাকে দেখামাত্রই সাধারণ মানুষকে দূরত্ব বজায় রাখতে এবং অবিলম্বে পুলিশকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। হামলাকারীর উদ্দেশ্য কী ছিল—এটি কি কোনো ‘রোড রেজ’ (পথচলতি বিরোধ) নাকি পরিকল্পিত সন্ত্রাসী হামলা—তা এখনো নিশ্চিত করতে পারেনি মার্কিন গোয়েন্দারা।

