বাংলাদেশ প্রতিবেদক: লক্ষ্মীপুরে রামগঞ্জে বাস থেকে জোরপূর্বক এক যুবতীকে নামিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বখাটেরা। এ সময় যুবতীকে রক্ষা করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহাজাহান মিয়া নামের এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে।
শাহজাহান মিয়া উপজেলার কাজিরখীল এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে।
শুক্রবার রাত ৮টার দিকে রামগঞ্জ বাসটার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ওই যুবতীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
স্থানীয়রা ও জননী বাস মালিক সমিতির সদস্য আবুল কালাম জানান, শুক্রবার রাতে নোয়াখালী থেকে ছেড়ে আসা জননী নামের বাসের সহকারী আজাদ হোসেন কাঁদতে কাঁদতে আমাদের কাছে এসে বলে পশ্চিম কাজিরখীল গ্রামের আখনবাড়ির এমরান হোসেন (২৬) ও এক সহযোগী তার গাড়ি থেকে এক যুবতীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছেন। দ্রুত টার্মিনাল এলাকার নৈশপ্রহরী শাহাজাহান মিয়াসহ আমরা বেশ কয়েকজন টার্মিনালের পিছনের টয়লেটের পাশে ওই যুবতীর সাথে ধস্তাধস্তি করা অবস্থায় এমরান হোসেন ও তার এক সহযোগীকে দেখতে পাই। আমাদের দেখেই এমরান হোসেন ও তার সহযোগী পালিয়ে যায়।
এ ঘটনা স্থানীয় লোকজনসহ ও ওয়ার্ড কাউন্সিলর মামুন আকন্দকে ফোনে জানানোর এক পর্যায়ে নৈশপ্রহরী শাহাজাহান মিয়া মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দিবাকর রায় বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

