মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর চারঘাটে সাপের কামড়ে সাগরী বেগম (৩৮) নামের পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ সাগরী বেগম, চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আক্তার হোসেনের স্ত্রী।
মৃতের স্বজনরা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সাগরী বেগম রান্নাঘর পরিষ্কার করছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘নিজ বাড়িতে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূ সাগরীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে গিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ব্যপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি আমার জানা নাই। তবে খোঁজ-খবর নিয়ে দেখছি।

