মাহমুদুল হাসান: সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জুন) বিকেলে শ্যামনগর সদর ইউনিয়নের মাজাট বাজুয়ার বিলে নকিপুর মাজাট এলাকাবাসী এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় সাতক্ষীরা ছাড়াও পার্শ্ববর্তী যশোর, অভয়নগর, গোপালগঞ্জ, নোয়াপাড়া, কেশবপুর, লোহাগড়া, পাটকেলঘাটাসহ বিভিন্ন এলাকার ১৫টি ঘোড়া অংশ নেয়।
ঘোড়দৌড় দেখতে শ্যামনগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলার মানুষ মাজাট বাজুয়ার বিলে ভীড় করেন। চারপাশে দাঁড়িয়ে হাজারো দর্শক ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করেন। এতে সেখানে উৎসবের আমেজ তৈরি হয়।প্রতিযোগিতায় প্রথম হন অভয়নগরের তৌকির মোল্লা, দ্বিতীয় লোহাগড়ার শিমুল শেখ ও তৃতীয় হয়েছে পাটকেলঘাটার আব্দুল ওহাব।
প্রতিযোগিতা শেষে স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

