বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংক শাখার গ্রাহকদের একাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে কোটি টাকা লোপাটের প্রধান হোতা ব্যাংকের পিয়ন আওলাদ হোসেন রঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। আজ ১১ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জনতা ব্যাংকের ম্যানেজার জেহাদুল ইসলাম বাদি হয়ে রঞ্জুর বিরুদ্ধে থানায় মামলায় দায়ের করেন। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোরে থানা পুলিশের একটি চৌখস দল গোপালগঞ্জ জেলার মিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিয়ন রঞ্জু ব্যাংকের গ্রাহকদের একাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৩৫ লক্ষ টাকা আত্মসাত করেছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে আজ দুপুরে গ্রেফতারকৃত পিয়ন রঞ্জুকে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
জানা গেছে, পিয়ন রঞ্জু ব্যাংকের গ্রাহকদের টাকা জমা, একাউন্ট থেকে টাকা উত্তোলন ও নতুন একাউন্ট খোলার সহায়তা করার সুযোগ নিয়ে জালিয়াতির মাধমে গ্রাহকদের একাউন্ট থেকে কোটি টাকা লোপাট করেছে। বিষয়টি জানাজানি হলে পিয়ন রঞ্জু ঈদুল আজহার ছুটির পর থেকে গা-,ঢাকা দেয়।
এদিকে ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, একাউন্ট থেকে কোটি টাকা লোপাটের ঘটনার সাথে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা জড়িত না থাকলে পিয়ন রঞ্জুর পক্ষে এতো টাকা আত্মসাত করা কোন অবস্থাতেই সম্ভব নয়। তারা অবিলম্বে তদন্ত পূর্বক এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এছাড়া ক্ষতিগ্রস্ত গ্রাহকরা তাদের একাউন্ট থেকে খোয়া যাওয়া সমুদয় টাকা ফেরতের দাবি জানান।
এদিকে ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা লোপাটের ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির প্রধান জনতা ব্যাংকের জেলা আঞ্চলিক অফিসের ডিজিএম জাহিদুল আলম জানান, ঘটনার সাথে ব্যাংকের কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংকের অর্ধশত গ্রাহকের একাউন্ট থেকে অর্ধ কোটি টাকা লোপাট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অন্যদিকে ব্যাংকের ম্যানেজার জেহাদুল ইসলাম জানান, পিয়ন আওলাদ হোসেন রঞ্জু দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমের অগোচরে ব্যাংকের সিল ও স্বাক্ষর জাল করে ভূয়া ভাউচারের মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাত করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ২৫ জন গ্রাহকের ৪৫ লক্ষ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন তদন্ত কমিটি কাজ করছেন। কতজন গ্রাহকের কি পরিমান টাকা আত্মসাত করা হয়েছে তা তদন্তে বেড়িয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

