গ্রাম্য গৃহবধূ থেকে সফল নারী উদ্যোক্তা ঈশ্বরদীর নরুন্নাহার

0
গ্রাম্য গৃহবধূ থেকে সফল নারী উদ্যোক্তা ঈশ্বরদীর নরুন্নাহার

স্বপন কুমার কুন্ডু: কৃষির উন্নয়নে অভাবনীয় সাফল্যের স্বার রেখে এগিয়ে চলেছেন ঈশ্বরদীর গ্রাম্য গৃহবধূ নরুন্নাহার বেগম। সফল নারী উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যেই অর্জন করেছেন সুখ্যাতি। জাতীয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ কৃষিতে একাধিক পদকপ্রাপ্ত হয়েছেন। অর্জন করেছেন এআইপি মর্যাদা। কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের টেকনিক্যাল বোর্ডের সদস্য হয়েছেন। কৃষির ওপর আর্ন্তজাতিক পর্যায়ের সভায় যোগ দিতে তিনি গত ১১ জুন অষ্ট্রেলিয়ার সিডনিতেও গিয়েছিলেন।

ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের রবিউল ইসলাম বিশ্বাসের স্ত্রী গ্রাম্য গৃহবধু নুরুন্নাহারের আর দশটা গৃহবধূর মতো চার দেয়ালের মধ্যে নিরিবিলি জীবন-যাপন করার কথা। পাশের বাড়িতে ২০০২ সালে টেলিভিশন দেখে বাড়ির আঙ্গিনায় মাত্র ১০ কাঠা জমিতে বেগুন চাষ করে শুরু করেন যাত্রা। এখন ১২০ বিঘার খামার রয়েছে। ৪০ বিঘা নিজস্ব জমির মালিক হয়েছেন। লিজ নিয়ে চাষাবাদ করছেন ৮০ বিঘাতে।

মেধা, সাহস আর পরিশ্রমের ফলে নূরুন্নাহার আজ কৃষিতে বিশেষ ব্যক্তিত্ব, সফল উদ্যোক্তা এবং একজন সমাজ উন্নয়ন কর্মী। নিবিড় সবজি চাষ, ফলমূল, মাছ চাষ, পোল্ট্রি, ডেইরি ও গাভির খামার করে এলাকার নারীদের কৃষি কাজে উদ্বুদ্ধ করে চলেছেন। জৈব ও ভারমি কম্পোট সার উৎপাদন করে তিনি সফল হয়েছেন। জৈব সার স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি দেশের প্রতিষ্ঠিত এসিআই কোম্পানীতে সরবরাহ করছেন।

সফলতার স্বীকৃতি স্বরূপ ২০১০ সালে সিটি গ্রুপ পুরষ্কার অর্জন করেন। ২০১২ সালে দেশের সেরা নারী কৃষক হিসেবে বঙ্গবন্ধু পদক পেয়েছেন। ২০১৬ সালে জাতীয় কৃষি স্বর্ণ পদক এবং ২০১৭ সালে নারী উদ্যোক্তা হিসেবে রাষ্ট্রপতি ও মাছরাঙ্গা এ্যওয়ার্ড পেয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন। ২০২১ সালে বঙ্গমাতা স্বর্ণ পদক অর্জনের পাশাপাশি কৃষিতে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ‘এআইপি’ মর্যাদা পেয়েছেন। জয়বাংলা নারী উন্নয়ন মহিলা সমবায় সমিতি ও এনসিডিপি গ্রাম উন্নয়ন কমিটির সভানেত্রী নারী উদ্যোক্তা নুরুন্নাহার তিন সহস্রাধিক নারীদের সংগঠিত করে তাদের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।

নুরুন্নাহার জানান, স্বামী কাজে বেরিয়ে গেলে অলসভাবে বসে থাকা ভালো লাগতো না। টেলিভিশনে শায়েখ সিরাজের কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখে ইচ্ছে জাগে বসতবাড়ির আশপাশে শাক-সবজি ও ফলমূলের বাগান গড়ে তোলার। লালশাক, পুঁইশাক, বেগুন, গোল আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, যা কিছু তিনি বাড়ির আঙ্গিনায় চাষ করেন। এতে সারা বছরের সবজির চাহিদা মিটে যাওয়ার পরও বাড়তি আয় হতে থাকে। প্রথম প্রথম স্বামী বিরক্ত হলেও সংসার চালানোর বোঝা কমে যাওয়ায় আর কোন আপত্তি করেননি।

চার পুত্র সন্তানের জননী নুরুন্নাহার জানান, তার খামারে গরু, মুরগী, মাছের চাষ ছাড়াও ড্রাগন, পেয়ারা, লিচু, পেঁপে, কলা, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ফুলকপি, পেঁয়াজ, রসুন, টমেটো, পটল, বেগুন, মটর, গম, আলু এবং মশুর চাষ করছেন।

ডেইরিতে প্রতিদিন ৭-৮ মণ দুধ প্রাপ্তি ও গরু মোটাতাজা করণের কথা জানিয়ে তিনি বলেন, গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেশ কিছু গরু বিক্রি করেছি। ১,১০০ টাকার গমের ভুসি হয়েছে ২,২০০ টাকা, ২৫ কেজির ৫৫০ টাকার ফিডের দাম হয়েছে ১,৬৫০ টাকা। দেশ অনেক এগিয়ে গেলেও বাজার মনিটরিং যথাযথভাবে না হওয়ায় কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। আবার কৃষি উপকরণ বেশী দাম দিয়ে কিনতে হচ্ছে। এতে কারখানার মালিক ও ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। তৃণমূল পর্যায়ে কৃষক ও প্রকৃত উৎপাদনকারী এবং ব্যবহারকারী ভোক্তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। সরকারি উদ্যোগে ঈশ্বরদীত সবজি বেইস কোল্ড ষ্টোরেজ এবং লিচুসহ ফল সংরক্ষণাগার স্থাপনের দাবি জানিয়েছেন নুরুন্নাহার।

নুরুন্নাহারের স্বামী রবিউল ইসলাম বিশ্বাস একজন ব্যবসায়ী। জয়নগরের চাউল কল মোকামের একটি মিলে ধান চাউলের ব্যবসা করেন। নুরুন্নাহারের জয়-জয়কার এখন ছড়িয়ে পড়েছে দেশ ব্যাপী। দেশের অন্যান্য এলাকা হতেও নুরুন্নাহারের কাছে অনেকেই কৃষি কাজের পরামর্শ নিতে ছুটে আসেন। নুরুন্নাহারও হাতে কলমে শিখিয়ে দেন তার সফলতার দিকগুলো।

নুরুন্নাহার বেগম পরিশ্রম, ধৈর্য্য, অধ্যাবসায়, সাহস ও মেধাকে কাজে লাগিয়ে সংগ্রাম করে সাহসিকতার মধ্য দিয়ে কৃষি খামার করে একজন সফল ও সাহসী নারী উদ্যোক্তা ও খামারী হিসেবে পরিচিতি লাভ করেছেন। পরিশ্রম মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তার বাস্তব প্রমাণ হলো নুরুন্নাহার।