চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী; বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

0
চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষোভ, প্রতিবাদে সরব ঈশ্বরদীবাসী; বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনা থেকে ঢাকাগামী নতুন ট্রেন ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে—এমন খবরে যখন ঈশ্বরদীবাসীর মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে, ঠিক তখনই এসেছে দুঃসংবাদ। খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকায় চলাচলকারী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন করে রাজবাড়ী-পদ্মা সেতু হয়ে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ খবরে ঈশ্বরদীর নাগরিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। বুধবার (১১ নভেম্বর) তিনি রেল সচিব মো. ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

এমপি আবু তালেব মন্ডল বলেন, চিত্রা এক্সপ্রেস শুধু ঈশ্বরদী নয়, কুষ্টিয়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলসহ বৃহত্তর অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ট্রেনটি ঈশ্বরদী রুট দিয়ে চলাচল অব্যাহত রাখা এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। জনস্বার্থ বিবেচনায় চিত্রা এক্সপ্রেসের বর্তমান রুট বহাল রাখার জন্য তিনি রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

রেলওয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চিত্রা এক্সপ্রেসের বর্তমান রুট পরিবর্তন করে রাজবাড়ী-পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচলের বিষয়ে ইতোমধ্যে রেলভবনে উচ্চপর্যায়ের সভায় আলোচনা হয়েছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয়েও যোগাযোগ করে এ-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।

দীর্ঘদিন ধরে ঈশ্বরদী জংশন হয়ে চলাচল করা গুরুত্বপূর্ণ এ ট্রেনটির রুট পরিবর্তনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সচেতন নাগরিকরা চিত্রা এক্সপ্রেসের বর্তমান রুট বহাল রাখার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।

ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু বলেন, রেলওয়ের এমন হঠকারী সিদ্ধান্ত ঈশ্বরদীবাসী কোনোভাবেই মেনে নেবে না। এটি কোনো ষড়যন্ত্রের অংশ কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে ঈশ্বরদীতে বৃহত্তর আন্দোলন-সংগ্রামের ডাক দেওয়া হবে।