শাহজাদপুরে ৫ম শ্রেনীর ছাত্রী চা বিক্রি করে সংসার চালাচ্ছে

0
শাহজাদপুরে ৫ ম শ্রেনীর ছাত্রী চা বিক্রি করে সংসার চালাচ্ছে
বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ হাটখোলা গ্রামের ৫ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া (১২) পড়াশুনা ছেড়ে  জীবিকার তাগিদে চা বিক্রি করে সংসার চালাচ্ছে । যে বয়সে বই- খাতা নিয়ে স্কুলে থাকার কথা সে বয়সে পরিবারের সদস্যদের দু’মুঠো খাবার জোটাতে ও অসুস্থ বাবার ঔষধ কিনতে হাড়ভাঙা পরিশ্রম  করছে সুমাইয়া। শিশু সুমাইয়া শাহজাদপুর উপজেলার গাড়াদহ হাটখোলা এলাকার সায়েম আলী ফকিরের (৬৫) মেয়ে।
গতকাল ১৯ সেপ্টেম্বর এলাকা ঘুরে জানা যায়, শিশু সুমাইয়ার বাবা সায়েম আলি ফকির যক্ষা রোগে আক্রন্ত হয়ে গত এক বছর হলো শয্যাশায়ী । তার ৪ মেয়ে  কোনো পুত্র সন্তান নেই। এরমধ্যে বড় মেয়ে গার্মেন্টস শ্রমিক স্বামী-সন্তান নিয়ে ঢাকায় থাকে। ২য় মেয়ে মারা গেছে,  ৩য় মেয়ে শারীরিক প্রতিবন্ধী, আর ৪র্থ মেয়ে সুমাইয়া স্থানীয়  ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী। সুমাইয়া ৪ র্থ শ্রেণি থেকে  ৫ম শ্রেণিতে ওঠার পর তার বাবা যক্ষা রোগে আক্রান্ত  হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। এদিকে সংসারে আয় উপার্জনের আর কেউ না থাকায়  স্কুল ছেড়ে  বাবার চায়ের দোকানে চা বিক্রি করে সংসারের দায়িত্ব নিতে হয় সুমাইয়াকে।  চা বিক্রির আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি অসুস্থ বাবার চিকিৎসার দায়িত্ব সুমাইয়া কাধে। সকাল ৮ থেকে রাত ১০ টা পর্যন্ত  চা বিক্রি করতে হয় তাকে। সুমাইয়া জানায়, সারাদিন ১৫০ থেকে ২০০ কাপ চা বিক্রি করে ২শ’ থেকে ৩শ’ টাকার মতো আয় হয়। তা দিয়ে চাল ডাল ও বাবার ঔষধ কিনতে হয়। এক প্রশ্নের জবাবে সুমাইয়া বলে চা বিক্রি না করলে খাবো কি ? বাবার ঔষধ কিনবো কিভাবে ?  এভাবেই গত এক বছর ধরে চা বিক্রি করে সংসার চালাচ্ছে সে।
 সুমাইয়ার বাবা  সায়েম আলী ফকির বলেন, আমার কোনো বাড়িঘর নেই। সরকারি খাস জায়গায়  ঘর তুলে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছি । উপরন্তু যক্ষা রোগে আক্রান্ত হয়ে এক বছর ধরে বিছানায় পড়ে আছি। বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে  সুমাইয়া চা বিক্রি করে সংসার চালাচ্ছে। তিনি সমাজের  বিত্তশালীদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন বিষয়টি তিনি জানেন। তিনি ইউনিয়ন পরিষদ থেকে যথাসম্ভব সহযোগিতার আশ্বাস দেন।
অন্যদিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান বলেন, সুমাইয়ার পরিবারের জন্য সরকারি ভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। পাশাপাশি তাদের ঘরবাড়ির ব্যবস্থা করা সহ  সুমাইয়াকে আবারও স্কুলে পাঠানোর যথাযথ ব্যবস্থা করা হবে।