ভাঙ্গুড়ায় কাপড়ের দোকানে সরকারি চাল, আ.লীগ নেতাকে অর্থদণ্ড

0
ভাঙ্গুড়ায় কাপড়ের দোকানে সরকারি চাল, আ.লীগ নেতাকে অর্থদণ্ড

কামাল সিদ্দিকী: জেলার ভাঙ্গুড়া উপজেলায় কাপড়ের দোকানে সরকারি চাল মজুত রাখার দায়ে এক আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারের একটি কাপড়ের দোকানে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম রেজা উপজেলার কৈডাঙ্গা গ্রামের মৃত সেকেন্দার আলী খানের ছেলে। তিনি ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পৌরসভার শরৎনগর বাজারের একটি কাপড়ের দোকানে সরকারি চাল মজুত রাখা আছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী।

এ সময় সেখান থেকে হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ১২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। পরে সরকারি চাল মজুত রাখার দায়ে আওয়ামী লীগ নেতা রেজাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী জানান, কাপড়ের দোকানে সরকারি চাল মজুতের সঠিক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। এজন্য তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ১২ বস্তা চাল জব্দ করা হয়।