পাবনায় সুদের টাকা আদায়ে বৃদ্ধার ঘরে তালা দিয়েছে সুদ কারবারীরা

0
পাবনায় সুদের টাকা আদায়ে বৃদ্ধার ঘরে তালা দিয়েছে সুদ কারবারীরা

কামাল সিদ্দিকী: পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া গ্রামে তাঁত ব্যবসার জন্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা সুদের উপর ধার নিয়ে শোধ না করায় বৃদ্ধাকে ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দিয়েছে সুদে কারবারী। বৃদ্ধার ছেলে ইদ্রিস মল্লিক (৫৫) সুদের উপর এই নিয়ে দিতে না পেরে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। আর সেই টাকা আদায়ে ইদ্রিসের ঘরে থাকা তার বৃদ্ধা মা রমেছা বেগম (৯০) কে জোরপূর্বক বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেয় সুদে কারবারীরা।

এমনই এক অমানবিক ঘটনা ঘটেছে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া কারিগরপাড়া গ্রামে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল চারটার দিকে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান তালা ভেঙে ওই বৃদ্ধাকে তার ঘরে তুলে দেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের বাসিন্দা মৃত রায়হান মল্লিকের স্ত্রী বৃদ্ধা রমেছা বেগম তার ছেলে ইদ্রিসের ঘরের দরজার সামনে বসে আছেন। টিনের ঘরটিতে তিনটি কক্ষ। দুটি কক্ষ তার ছেলের। আর একটি কক্ষে থাকেন বৃদ্ধা রমেছা। তিনটি কক্ষে তালা ঝুলানো। ছেলে ইদ্রিস বা তার স্ত্রী-সন্তান কেউ বাড়িতে নেই।

জানতে চাইলে বৃদ্ধা রমেছা বেগম অভিযোগ করে বলেন, ‘তার ছেলে ইদ্রিস তিনজনের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলো। সেই টাকা দিতে পারেনি। ছেলে কোথায় পালায়ে আছে জানি না। খলিল, রইচ আর দুলাল গত সোমবার (১৬ অক্টোবর) সকালে বাড়ির পর আইসে টাকা চায়। আমি বলছি আমার ছেলে টাকা নিয়েছে তার কাছে যাও। টাকা। যখন দিছো তখন তো আমার কাছে শোনো নাই। এখন আমার কাছে টাকা চাচ্ছো কেন। পরে আমাকে ঘর থেকে তারা জোর করে বের দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে।
খবর পেয়ে বিকেল চারটার দিকে চরতারাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান তার পরিষদের অন্য দুই ইউপি সদস্য সহ বৃদ্ধার বাড়িতে যান। এ সময় স্বজন, প্রতিবেশিসহ অন্যান্য মানুষের উপস্থিতিতে তালা ভেঙে বৃদ্ধা রমেছা বেগমকে ঘরে তুলে দেন। তাকে বাড়িতে বসবাসে আশ্বস্ত করেন। এ সময় তিনি বৃদ্ধাকে কিছু নগদ আর্থিক সহায়তাও দেন চেয়ারম্যান।
সেখানে উপস্থিত রমেছা খাতুনের ছোট ছেলে গোলাম মোস্তফা জানান, ‘তারা চার ভাই, দুই বোন। ইদ্রিস আলী মেঝো ভাই। তাঁত ব্যবসার করেন। চারটি তাঁতের কারখানা আছে তার। বছর খানেক আগে ব্যবসার কারণে একই গ্রামের মাদ্রাসাপাড়ার বাসিন্দা খলিল হোসেন, রইচ উদ্দিন ও দুলাল হোসেনের কাছ থেকে বেশ অনেক টাকা সুদে ধার নেন। এখন সুদের টাকা দিতে পারেন না। সুদে কারবারীরা তাদের টাকার জন্য চাপ দিচ্ছে। সেই ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে ।

স্থানীয় দুই নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল আলীম বলেন, ‘সুদের টাকার জন্য ছেলেকে না পেয়ে তার বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে তালা দেয়ার ঘটনাটি একটি জঘন্যতম অমানবিক ঘটনা। সুদের কারবারীদের কারণে অনেক সংসারে অশান্তি বিরাজ করছে। তাদের আমরা বিভিন্ন সময়ে সুদের ব্যবসা করতে নিষেধ করি। কিন্তু তারা গোপনে এ কাজগুলো করে। যারা সুদে টাকা নেয় তাদের সচেতন হওয়া দরকার।’

চরতারাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান বলেন, ‘আজ বিকেলে পরিষদ থেকে বাড়ি যাবার সময় ওই বৃদ্ধা আমাকে ঘটনাটি জানান। তখনই আমি ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পাই। সুদের টাকার জন্য এমন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি দ্রুত তালা ভেঙে ঘরে তুলে দিয়েছি।
তাই বলে বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে তার কক্ষে তালা দেয়া কি ঠিক কাজ হয়েছে এমন প্রশ্নের জবাবে তারা বলেন, ‘কাজটা ঠিক হয় নাই। আমরা জানি ঘরটা ইদ্রিসের। যাহোক চেয়ারম্যান তালা ভেঙে দিছেন, ভাল করেছেন।’