রংপুরে  সবজি চাষে বেড়েছে কীটনাশকের ব্যবহার ; স্বাস্থ্যখাতে ঝুঁকির আশঙ্কা

0
রংপুরে  সবজি চাষে বেড়েছে কীটনাশকের ব্যবহার ; স্বাস্থ্যখাতে ঝুঁকির আশঙ্কা

জয়নাল আবেদীনঃ রংপুর অঞ্চলে শীতকালীন সবজির চাষ বেড়েছে। কৃষকরা শীতকালীন সবজির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ভালো ফলনের আশায় অনেক কৃষক সবজি চাষে ব্যবহার করছেন অতিরিক্ত কীটনাশক। সেসব সবজি খেলে মানুষ কিডনি উচ্চ রক্তচাপসহ নানা রোগে আক্রান্ত হতে পারেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ।

চিকিৎসকরা বলছেন- কীটনাশকের বিষক্রিয়ায় ক্যান্সার ও উচ্চ রক্তচাপসহ নানারোগ হওয়ার আশংকা রয়েছে ।তবে সচেতন মহল বলছেন, কৃষক-ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। প্রচার করতে হবে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ করা সবজি মানবদেহের জন্য জন্য খুবই ক্ষতিকর।

তারা শাক-সবজিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার বন্ধে কার্যকরি পদক্ষেপ নেয়ার দাবি করেছেন।কৃষি বিভাগ ও মাঠ পর্যায়ে গিয়ে জানাগেছে, রংপুর অঞ্চল হচ্ছে কৃষি অর্থনীতির ওপর নির্ভর এলাকা। প্রতি বছর এ অঞ্চলে প্রচুর পরিমাণ সবজি চাষাবাদ হয়। চলতি মৌসুমেও ব্যতিক্রম নয়। রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলায় শীতকালীন আগাম সবজি চাষে ঝুঁকছেন কৃষক। বেশি লাভের আশায় ফুলকপি, বাঁধা কপি, মুলা, লাউ, বেগুন, পটল, করলা, টমেটো, শিমসহ অন্য সব সবজিতে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। কীটনাশক প্রয়োগের পর সাধারণত সবজি ভেদে ৩দিন, ৭দিন আবার ২১ দিন পর্যন্ত সময় লাগে সবজি উঠাতে। কোন কোন সবজিতে সময় লাগে এক মাসেরও বেশি। কীটনাশক প্রয়োগ করে এই সময় পর্যন্ত অপেক্ষা করেন না অধিকাংশ কৃষক। কীটনাশক প্রয়োগের ৩-৪ দিন পরেই কৃষকরা তাদের উৎপাদিত ফসল তুলে বাজারে নিয়ে আসেন। কোন কোন কৃষক একদিন পরেই তারা জমি থেকে সবজি তুলেন। আবার কিছু কৃষক সকালে কীটনাশক প্রয়োগ করে বিকেলে সবজি তুলে বাজারে বিক্রি করছেন। আর ক্রেতাসহ সাধারণ মানুষজন সেইসব সবজি তাজা ভেবে ক্রয় করে বাসায় নিয়ে গিয়ে রান্না করে খাচ্ছেন। অথচ এসব শাক- সবজি খাওয়া স্বাস্থ্যের হুমকি স্বরূপ। এতে শরীরে নানা রোগ হতে পারে।

এ ব্যাপারে কৃষি বিভাগ জানিয়েছেন, এ বিষয়ে কৃষকদের সচেতন করতে তারা কাজ করে যাচ্ছেন। সেই সাথে বিষমুক্ত সবজি চাষে আগ্রহী করার উদ্যোগও নেওয়া হয়েছে।

রংপুরে ২০২৩-২৪ অর্থবছরে সবজির লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ১০০ হেক্টর জমিতে ৩লক্ষ ৫৬ হাজার ৯৫০ মেট্রিকটন। কৃষি বিভাগ আশা করছেন লক্ষমাত্রার চেয়ে সবজির চাষ বেশী হবে।কৃষকরা জানান, সবজি চাষের আগে তারা জমি আবাদযোগ্য করার জন্য প্রথমেই তারা কীটনাশকের ব্যবহার করে থাকেন। ঘাস ও আগাছা ধ্বংস করার জন্য বিষ দেয়া হয় জমিতে। পরে সবজির বীজ বা চারা রোপন করে কীটনাশক প্রয়োগ শুরু করেন সবজিতে।মিঠাপুকুর লতিবপুর এলাকার কৃষক জুয়েল, সবুজ, লিটু ও রানীপুকুর এলাকার সজিব, সাইফুল বলেন, ফলন বেশী, কিছু লাভ ও তাড়াতাড়ি সবজি উঠানোর জন্য আমরা সবজিতে কীটনাশক ব্যবহার করে থাকি। এতে করে ফলন বেশী হয়, লাভ আসে। আমরা জানি এতে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, তাই আমরা ফলন ভেদে উঠানোর ৬/৭দিন আগে কীটনাশক প্রয়োগ করি যাতে স্বাস্থ্যের ক্ষতি না হয়।

নগরীর জসিম, আউয়াল, আলামীন, তারিফ, তারেকসহ কয়েজন সবজির ক্রেতা বলেন, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে আগের মত আর শাক-সবজি মজা লাগে না। সবজিতে কেমন জানি গন্ধ লাগে। এতে স্বাস্থ্যখাতের জন্য হুমকি। খেতে হবে তাই বাধ্য হয়ে দেখে শুনে কিনে খাই, তাছাড়া তো আর কিছুই করার নাই।

বিক্রেতা সামসুল, মোবারক, আবেদ আলীসহ কয়েকজন বলছেন, তারা পাইকারি বাজার থেকে সবজি কিনে আনেন। পরে তা অন্যদের মতো নিজ দোকান হতে বিক্রি করেন, এতে কীটনাশক দেয়া কিনা আমরা জানিনা, বলতেও পারবোনা।

সংশ্লিষ্ট সূত্র মতে, প্রায় প্রতিটি কীটনাশকের গায়ে লেখা আছে, খালি গায়ে বা বাতাসের বিপরীতে স্প্রে করা যাবে না। সে নিয়মটিও মানছেন না কৃষকরা। আর মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে মাটিও ক্ষতিগ্রস্থ হচ্ছে। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকির আশষ্কা, বিপদের সম্মুখিন হচ্ছে অনেক কৃষকসহ পরিবার।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ওবায়দুর রহমান মন্ডল জানান, শাক-সবজিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার বন্ধে কার্যকরী পদক্ষেপ প্রহণ করা হচ্ছে । কৃষকদের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আহবান জানানো হচ্ছে। কীটনাশক প্রয়োগে নিজেদের ক্ষতির পাশাপাশি যারা খাচ্ছেন তাদের সকলের ক্ষতি হচ্ছে। তাই আমাদের এই পদক্ষেপ অব্যাহত থাকবে।