বিমল কুন্ডুঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনে দাখিল করা ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে ।
অন্যদিকে বিভিন্ন ত্রুটির কারনে অপর ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৈধ বলে ঘোষিত প্রার্থীরা হলেন, চয়ন ইসলাম ( আওয়ামী লীগ), মোক্তার হোসেন ( জাতীয় পার্টি), মোজাম্মেল হক ( জাসদ), তারিকুল ইসলাম ( তৃনমুল বিএনপি), রেজাউল করিম বিপ্লব ( জাকের পার্টি), মোহাম্মদ শামীম ( বিএনএফ) ও কাজী মোঃ আলামিন (বিএসপি)। অপরদিকে হলফনামায় স্বাক্ষর না থাকায় ও খেলাপী ঋন সংক্রান্ত জটিলতার কারনে ১৪ দলীয় জোটের প্রার্থী রেজাউর রশীদ খান ( ওয়ার্কার্স পার্টি) এবং বিধিমোতালেক মনোয়নপত্রের সাথে সংযুক্ত করা ১℅ ভোটারের মধ্যে কতিপয় ভোটারের স্বাক্ষর জটিলতার কারনে স্বতন্ত্র প্রার্থী হালিমূল হক মিরুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ ৪ ডিসেম্বর সোমবার দুপুর ১২ টা থেকে সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মীর মাহবুবর রহমান ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন ।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া দুই প্রার্থী রেজাউর রশীদ খান ও হালিমূল হক মিরু সাংবাদিকদের জানান, তারা ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন।

