বিমল কুন্ডু: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার- প্রচারনায় সরগরম হয়ে উঠেছে। এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচার- প্রচারনায় অনেকটাই এগিয়ে রয়েছে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী চয়ন ইসলাম।
বিশেষ করে চয়ন ইসলামের পক্ষে তাঁর সহধর্মিণী, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি ও দেশের স্বনামধন্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী লিলি ইসলাম নৌকার ভোট চেয়ে বিরামহীনভাবে গনসংযোগ করায় নির্বাচনী এলাকার মহিলা ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছেন।
লিলি ইসলাম গত এক সপ্তাহ ধরে উপজেলা মহিলা আ.লীগ ও যুব মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভা সহ উপজেলার গাড়াদহ, নরিনা, কায়েমপুর, পোতাজিয়া, হাবিবুল্লাহনগর, পোরজনা, কৈজুরি ও খুকনী ইউনিয়নের বিভিন্ন স্থানে ও পাড়া-মহল্লায় নারী ভোটারদের নিয়ে পথসভা, নির্বাচনী মতবিনিময় সভা ও উঠান বৈঠকের মাধ্যমে নৌকার ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি তিনি নারী ভোটারদের দ্বারে দ্বারে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ করে নৌকায় ভোট চাচ্ছেন।
এসময় তিনি শাহজাদপুর সহ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হলে চয়ন ইসলাম সহ নৌকা মার্কায় প্রার্থীদের জয়যুক্ত করতে হবে। তিনি আরও বলেন, চয়ন ইসলাম বিজয়ী হলে শাহজাদপুরে পরিকল্পিত উন্নয়ন করা হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এদিকে, এলাকার ভোটারদের অনেকেই জানান, লিলি ইসলামের বিরামহীন প্রচারনা, সাবলীল বক্তব্য ও আন্তরিকতায় ইতোমধ্যেই মহিলা ভোটারদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। সূত্র মতে, চয়ন ইসলামের পাশাপাশি লিলি ইসলামের প্রচার- প্রচারনা নৌকার পাল্লাকে অনেকটাই ভারী করতে সক্ষম হয়েছে। তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই শতশত নারী ও পুরুষের ঢল নামছে।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথী তালুকদার ও যুব মহিলা লীগের সভাপতি সিলভী পারভীন মিঠু বলেন , লিলি ইসলামের গনসংযোগের কারনে এবার সর্বোচ্চ সংখ্যক মহিলা ভোটার ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকায় ভোট দেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সহ সভাপতি কৈজুরী ইউপি’র সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল্লাহ তুষার জানান, লিলি ইসলামের বিরামহীন গনসংযোগের ফলে নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে এলাকার নারী ভোটাররা লিলি ইসলামের প্রচার- প্রচারনায় উজ্জীবিত হয়ে উঠেছে।

