জয়নাল আবেদীন: স্বার্থের টানে একই রক্ত হয়ে গেল ভাগ । নিজের স্ত্রী সাজেদা জামানকে তুষভান্ডার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বানাতে না পেরে বর্তমানে মন্ত্রীর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেয়ায় ব্যস্ত খোদ ছোট ভাই কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। আপন বড় ভাই আদিতমারী-কালীগঞ্জ আসনে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের মুক্তিযোদ্ধার সনদ ‘ভুয়া’ বলে দাবি করেছেন তিনি ।
শুক্রবার বিকেলে জবাবদিহি রংপুর ব্যুরো প্রধানের সঙ্গে মোবাইলে আলাপকালে জানান মহান মুক্তিযুদ্ধে তাঁর বাবা এবং সবচেয়ে বড়ভাই মুক্তিযোদ্ধা ছিলেন আর নুরুজ্জামান পাটের ব্যবসা করতেন ।লালমনিরহাটের কালীগঞ্জ আদিতমারী আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রার্থী সিরাজুল হক সিরাজের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে নিজের ভাইয়ের মুক্তিযোদ্ধা সনদ ভুয়া বলে দাবি করেন মাহবুবুজ্জামান। মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই মাহবুবুজ্জামান কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি এই আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হকের ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।ঈগল প্রতীকের ওই জনসভায় মাহবুবুজ্জামান আহমেদ বলেন, ১৯৯৬ সালের আগে আমরা কোনোদিনই সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে মুক্তিযোদ্ধা হিসেবে জানতাম না। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনের পোস্টারে তিনি হঠাৎ করেই মুক্তিযোদ্ধা লিখেছিলেন। সে সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়েছিলেন। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মন্ত্রীর কাছে এ ব্যাপারে জানতে চেয়েছিলেন। ওই সময় মন্ত্রী বলেছিলেন তিনি সব কাগজপত্র বানিয়ে নিয়েছেন।
মাহবুবুজ্জামান আহমেদ আরও বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন আমার ভাই নুরুজ্জামান আহমেদের বয়স ২২/২৩ বছর ছিল। আমাদের পারিবারিক পাটের ব্যবসা দেখভাল করতেন তিনি। মুক্তিযুদ্ধের সময় পাট কেনার জন্য তিনি ভারতের কোচবিহার জেলার সিতাই এলাকায় অবস্থান করেছিলেন। সমাজকল্যাণমন্ত্রী মুক্তিযোদ্ধার ট্রেনিং নেননি, তিনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি। তার মুক্তিযোদ্ধা সনদটি ভুয়া।কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ বলেন, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রকৃত মুক্তিযোদ্ধা নন। তার মুক্তিযোদ্ধা সনদ ভুয়া। নুরুজ্জামান আহমেদ কোথায় ট্রেনিং নিয়েছেন, কোথায় যুদ্ধ করেছেন এবং কারা তার সহযোদ্ধা ছিলেন এসবের কোনোকিছু বলতে পারবেন না। কালীগঞ্জ উপজেলার সকল মুক্তিযোদ্ধা বিষয়টি জানেন। কিন্তু ক্ষমতার দাপট থাকায় কেউ-ই সমাজকল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে কিছু বলতে সাহস পায় না।
প্রতিপক্ষের এমন বক্তব্যের জবাবে নিজের নির্বাচনী জনসভায় সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, আমি মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছি কিনা, আমি যুদ্ধ করেছি কিনা আর আমার সহযোদ্ধা আছে কিনা সেটা আমি জানি। ওরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। সময় এলে ওদের মিথ্যাচারের সঠিক জবাব দেওয়া হবে। এদিকে মন্ত্রী পরিবারের অপর সদস্য মন্ত্রীর ছোট বোন রংপুরে সর্বত্র পরিচিত মুখ চায়না ম্যাডাম বলেছেন তাদের পরিবারের সবাই মন্ত্রীর পক্ষে আছেন শুধু উপজেলা চেয়ারম্যান ছাড়া । তিনি আরো বলেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাজেদ আলী বাবুলের ছোট বোন আমার চেয়াম্যান ভাই‘র স্ত্রী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমরা তার বিরোধীতা করেছিলাম বলেই আজ সে বিরোধীতা করছে । তার কথা হচ্ছে বড়ভাই মন্ত্রী ছোট ভাই উপজেলা চেয়ারম্যান তার স্ত্রী ইউপি চেয়ারম্যান কেন হবেন । এদিকে উপজেলা চেয়ারম্যান অভিযোগ করেছেন তাঁর বড় ভাই মন্ত্রী তাঁকে রাজনীতি থেকে দুরে সরানোর পায়তারা করছেন এবং তার স্থানে মন্ত্রীর ছেলেকে বসাতে চান । তিনি এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং তার বড়ভাই মন্ত্রীর বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন । তবে পরিবারের সদস্যরা আশাবাদি এবারো মন্ত্রী নুরুজ্জামান বিপুলভোটে নির্বাচিত হবেন ।

