রংপুরে র‌্যাবের হাতে ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

0
রংপুরে র‌্যাবের হাতে ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

জয়নাল আাবেদীন: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠী দেশে নাশকতাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানাবিধ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে ১১ টায় কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান র‌্যাব-১৩ কে এই মর্মে জানান যে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য র‌্যাব পরিচয় দিয়ে ২ জন লোক কিছুদিন ধরে তার এবং বিভিন্ন প্রার্থীর সমর্থকদের কাছ থেকে টাকা আদায় করে যাচ্ছে।

অভিযোগ পেয়ে র‌্যাব-১৩ ওই রাতেই রংপুর জেলার কাউনিয়া থানাধীন বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর অফিস কক্ষ হতে অভিযান পরিচালনা করে র‌্যাব পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভুয়া র‌্যাব সদস্য লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মোঃ আবু সাঈদ এবং তার সহযোগী রংপুরের সাজেদুল ইসলাম সৌরভকে ভুয়া র‌্যাব পরিচয়পত্র, র‌্যাবের জ্যাকেট এবং আইন- শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত নানাবিধ সামগ্রীসহ গ্রেফতার করে।

র‌্যাব জানায় আবু সাঈদ পুলিশ বাহিনীতে রংপুর জেলায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন চাঁদা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে চলতি বছরেই তিনি পুলিশ বাহিনী হতে চাকুরীচ্যুত হন। এছাড়াও চাকুরীচ্যুত হওয়ার পূর্বে তিনি র‌্যাব-১০ এর সদস্য ছিলেন বলে জানা যায়। চাকুরীচ্যুত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে তিনি ভুয়া আইন-শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থা এবং ভুয়া র‌্যাব সদস্যের পরিচয়ে চাঁদা আদায় করে আসছিলেন। তিনি ও তার সহযোগী সর্বশেষ বুধবার রংপুর জেলার কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আনছার আলী ,মোঃ আমিরুল ইসলাম এবং মোঃ আমিরুল ইসলামের নিকট থেকে চাঁদা আদায় করেন ।র‌্যাব-১৩’র উপ পরিচালক মেজর এইচ এম ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবু সাঈদ চাকুরীচ্যুত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে তিনি ভ‚য়া আইন-শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থা এবং ভুয়া র‌্যাব সদস্যের পরিচয়ে চাঁদা আদায় করে আসছিলেন বলে দোষ স্বীকার করেছেন। র‌্যাব জানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীদ্বয়কে রংপুর জেলার কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।