রাজশাহীতে দুটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

0
রাজশাহীতে দুটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
কামাল সিদ্দিকী : রাজশাহীতে দুটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে বাঘা উপজেলায় একটি ও বাগমারা উপজেলায় একটি কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতের কোন একসময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের ১৫টি চেয়ার, টেবিল, আলমারিসহ আসবাবপত্র পুড়ে গেছে।

এ ছাড়া বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের গনিপুর আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু বইপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। এ ছাড়া বিদ্যালয়ের পাশ থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আলী বলেন, রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। অফিসের পেছনের জানালার ফাঁক দিয়ে আগুন দেয়। পেট্রোল পড়ে থাকতে দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা আগুন দিয়েছে। বিষয়টি নিয়ে থানায় জানানো হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, দুটি ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কি ভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।