শাহজাদপুরে সড়ক দূর্ঘটনায় স্বামী – স্ত্রী নিহত 

0
শাহজাদপুরে সড়ক দূর্ঘটনায় স্বামী - স্ত্রী নিহত 
বিমল কুন্ডুঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রীজের দক্ষিন পাড়ে  বগুড়া -নগরবাড়ি মহাসড়কে মাল বোঝাই ট্রাক ও ব্যাটারী চালিত অটোভ্যানের সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।  এ ঘটনায় অটোভ্যান চালক  গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল ২৪ জানুয়ারি বুধবার সন্ধ্যায় । নিহতরা হলেন, উপজেলার রূপবাটি ইউনিয়নের বিলকলমি গ্রামের আনসার আলি তালুকদার (৫০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৪৫)। আহত ভ্যান চালকের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় আনসার তালুকদার তার স্ত্রীকে নিয়ে অটোভ্যান যোগে বাঘাবাড়ি ব্রীজের দক্ষিন পাড়ের বাসস্ট্যান্ড থেকে উপজেলার বিলকলমি গ্রামে যাচ্ছিলেন । একপর্যায়ে অটোভ্যানটি বগুড়া- নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি বাসস্ট্যান্ডের অদুরে এন এস ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট  বোঝাই ট্রাকের সাথে ওই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় অটোভ্যানের দুই যাত্রী সহ চালক গুরুতর আহত হন। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় শাহজাদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থল থেকে আনসার তালুকদার ও তার স্ত্রী ফরিদা খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত ভ্যান চালক বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের লিডার খোরশেদ আলম দূর্ঘটনায় স্বামী- স্ত্রী নিহতের বিষয়টি  নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারনে এ দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অন্যদিকে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, পাবনার মাধপুর হাইওয়ে থানা পুলিশের মাধ্যমে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি  আটক করলেও এর চালক ও হেলপার পলাতক রয়েছে।