শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

0
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের শাহজাদপুর -বাচড়া আঞ্চলিক সড়কে খোয়া বোঝাই নসিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহী মামুন মিয়া (১২) নামে ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত হয়েছে। নিহত মামুন বাচড়া উত্তরপাড়া গ্রামের শফি মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে ৩১ মার্চ রবিবার বিকেলে।

নিহতের স্বজনরা জানায়, রোববার বিকেলে মামুন বাইসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে বাচড়া গ্রামের আঞ্চলিক সড়কে খোয়া বোঝাই একটি নসিমন পেছন থেকে ওই বাইসাইকেলটিকে ধাক্কা দিলে মামুন সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এতে তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। পরে আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর নসিমনের চালক দুলাল মিয়া কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও উত্তেজিত জনতা ঘাতক নসিমন সহ দুই হেলপার আকাশ ও রাকিবুলকে আটক করে। এসময় এলাকাবাসী উত্তেজিত হয়ে পরে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, নিহত মামুনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র মামুনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।