জয়নাল আবেদীন: রংপুরে একটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ।
সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরীর ধাপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, অবৈধ ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টারে অব্যবস্থাপনা কিংবা ভুল চিকিৎসার কারণে অনেক সময় রোগী মৃত্যুর ঘটনা ঘটছে।
অভিযানের সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অব্যবস্থাপনার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউনিএইড হসপিটালকে ৭০ হাজার টাকা এবং থাইরোকেয়ার মডার্ন ল্যাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানেটারি ইন্সপেক্টর মাহবুবার রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

