খুলনায় এইচএসসি পরীক্ষার্থী প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
খুলনায় এইচএসসি পরীক্ষার্থী প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ প্রতিবেদক: খুলনার পাইকগাছায় এইচএসসি পরীক্ষার্থী প্রেমিক-প্রেমিকার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ জুন) রাতে পাইকগাছার হোগলারচক ও বাইনবাড়িয়ায় এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় তারা আত্মহত্যা করেছেন।

মৃতরা হলেন- পাইকগাছার বাইনবাড়িয়া গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে প্রিয়াংকা মন্ডল (২১) এবং কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মন্ডলের ছেলে ব্রজ মন্ডল (২২)। ব্রজ মন্ডল পাইকগাছার হোগলারচক এলাকায় মামা জিতেন্দ্র নাথ মন্ডলের বাড়িতে থেকে লেখাপড়া করতো। তারা দুইজনই গড়ইখালী শহীদ আয়ুব-মুছা কলেজের এইএসসি পরীক্ষার্থী।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ব্রজ ও প্রিয়াংকার মধ্যে বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু প্রিয়াংকার পরিবার প্রেমের বিষয়টি জানতে পেরে অন্যত্র তার বিয়ে ঠিক করেন। ওই বিয়েতে মত না থাকায় পরিবারের পক্ষ থেকে প্রিয়াংকাকে নানাভাবে চাপ সৃষ্টি করা হয়। পরিবারের ওই সিদ্ধান্ত মানতে না পেরে প্রিয়াংকা বুধবার সন্ধ্যায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার কিছু সময় পর ব্রজ তার মামার বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে লোকজন জানিয়েছে। তাদের এইচএসএসি পরীক্ষা চলছিল। বুধবার রাতে দু’জনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে আজ দুপুরে মরদেহ তাদের দু’জনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাইকগাছা থানায় আলাদা দুটি অপমৃত্যর মামলা হয়েছে।