পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীরা

0
পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাঁজোয়াযান ও জলকামান নিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এলে সাঁজোয়াযান ও জলকামান পিছিয়ে নেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার পর থেকে রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডগামী, বাংলা মোটরগামী, মৎস্য ভবনগামী ও টিএসসিগামী রাস্তায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সরকারি চাকরির কোটা প্রশ্নে হাইকোর্টের রায়ের ওপর সর্বোচ্চ আদালতের চার সপ্তাহের স্থিতাবস্থায়ও রাজপথ ছাড়ছেন না আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা রাষ্ট্রের নির্বাহী বিভাগের কাছে ত্রুটিহীন পরিপত্রের দাবি জানিয়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতেই থাকছেন।