আটক সব শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

0
আটক সব শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া সব শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি সংঘাত চান না। আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা আছে। তিনি তাঁদের সঙ্গে বসতে চান, তাঁদের কথা শুনতে চান। শেখ হাসিনা বলেন, ‘গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করতে তিন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘আমরা বিষয়টি রাজনৈতিকভাবে সমাধানের জন্য আলোচনা করব।’

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।