স্বপন কুমার কুন্ডু: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকে ঈশ্বরদীর সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ে। তবে গত ৭ আগস্ট বুধবার থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে শিার্থীরা মাঠে নামার পর ব্যস্ত হয়ে উঠেছে সড়কগুলো। বেড়েছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহনের চাপ। আগের মতো যানজট দেখা যাচ্ছে না। শিক্ষার্থীরা ট্র্রফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করায় অনিয়ম নেই সড়কে। পাশাপাশি হেলমেট ছাড়া মোটর সাইকেল পেলে আটকানো হচ্ছে। সতর্ক করা হচ্ছে হেলমেট না পড়ে আর যেন রাস্তায় কেউ বের না হয়।
সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা সড়কের সিগন্যালে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। শহরের কলেজ রোড, স্টেশন রোড, পাবনা রোড, রেলগেট থেকে আলহাজ্ব মোড় পর্যন্ত সড়ক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা।
এদিকে শনিবার (১০ আগস্ট) বাজারের সকল দোকানপাট খুলেছে। এরআগে গত কয়েকদিন কাঁচাবাজার, মাছবাজার এবং কিছু ছোটখাট মুদি দোকান খোলা থাকলেও অন্যান্য দোকানপাট ছিলো বন্ধ। গত ৮ আগস্ট বৃহস্পতিবার বিএনপি’র পক্ষ হতে শহরে দোকানপাট খোলার জন্য মাইকিং করা হয়। এছাড়াও শুক্রবার কর্মকারপাড়া মন্দিরে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতাদের মতবিনিময় সভায় সকলকে নির্ভয়ে দোকানপাট খোলার জন্য অনুরোধ জানানো হয়। দোকানপাটে হামলা এবং লুটপাট নেতারা প্রতিরোধের নিশ্চয়তা দেয়ায় স্বর্ণের দোকানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানপাট শনিবার থেকে খুলেছে।
সড়কে শিক্ষার্থী রকিব বলেন, শুধু চালক নয়, যাত্রী হেলমেট না পরলেও ছাড় নেই। যে বাইকার হেলমেট ব্যবহার করছেন না, আমরা তাদের ৫ থেকে ১০ মিনিট দাঁড় করিয়ে রাখছি। শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় সড়কে পরিষ্কার করছেন। শিক্ষার্থীদের এই ভূমিকায় সাধারণ মানুষও প্রশংসা করছেন।

