ফেরদৌস সিহানুক শান্ত: ১০ বছর আগে আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে ধরে নিয়ে গুম করা বিএনপি কর্মী মফিজ উদ্দিন মফিকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে বৃদ্ধা মা ও স্ত্রী-সন্তানসহ এলাকাবাসী।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় সোনামসজিদ স্থলবন্দর জিরোপয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলননর ব্যানারে মানববন্ধন কর্মসূচি চলাকালে এই দাবি জানান তারা।ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, গুম হওয়া মফিজের মা হাবিবা বেগম, স্ত্রী লাইলী বেগম, ছেলে শাহীন আলম, এলাকাবাসীর পক্ষে নবীন, রেজাউল করিম, হামিদুর মেম্বার প্রমূখ।
বক্তাগণ অভিযোগ করে বলেন, ১০ বছর আগে মফিজ উদ্দিন মফিকে বাড়ি থেকে ডেকে আরও চারজনসহ মোট ৫ জনকে ধরে নিয়ে যায় র্যাবের লোকজন। পরে ৪ জনকে ফেরত দেয়া হলেও মফিকে র্যাব ফেরত দেয়নি। সেই সময় আদালতে মামলা করতে গেলে মফির ভাইকে র্যাব নিয়ে গিয়ে হুমকী দিয়ে দেশ ছাড়তে বলেন। ফলে তার ভাই ভয়ে ভারতে পালিয়ে যায়।
এঘটনায় শিবগঞ্জ থানায় মফি নিখোঁজের একটি জিডি করে মফির পরিবার। বক্তাগণ, মফিকে জীবিত অথবা তার লাশ ফেরত দেয়ার দাবি জানান।

