বাংলাদেশ প্রতিবেদক: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নের সব চেয়ারম্যানই মামলায় পড়ে পলাতক রয়েছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাজিতপুরের আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এসব মামলায় যেমন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাবেক এমপি আফজাল হোসেন এক নম্বর আসামি, ১১ জন ইউপি চেয়ারম্যানকেও আসামি করা হয়েছে। ফলে চেয়ারম্যানদের কেউ কেউ পলাতক, আবার কেউ কেউ এলাকায় থাকলেও অফিস করছেন না বলে জানিয়েছেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারশিদ বিন এনাম।
এই ১১ চেয়ারম্যানের মধ্যে ১০ জনই সাবেক এমপি আফজাল হোসেনের বদৌলতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব ইউনিয়নে আফজালের ‘পকেট প্রার্থী’ ছাড়া অন্য কাউকেই প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। একমাত্র সরারচর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা হলেও প্রভাব খাটিয়ে আফজালের প্রার্থীকেই বিজয়ী করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতার ১০ জনের মধ্যে আফজালের এক শ্যালক ও দুই ভাগনেও রয়েছেন। বাকি ৮ জনও আফজালের ‘পকেটের’ প্রার্থী ছিলেন বলে এলাকায় প্রচার রয়েছে।
বাজিতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারশিদ বিন এনাম বলেছেন, তিনটি ইউনিয়নের চেয়ারম্যান ৫ আগস্টের পর থেকেই পলাতক। এসব ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজগুলো সরকারি কর্মকর্তা নিয়োগ দিয়ে চালানো হচ্ছে। বাকি আটটি ইউনিয়নে আপাতত প্যানেল চেয়ারম্যান হিসেবে একেকজন ওয়ার্ড মেম্বার দায়িত্ব পালন করছেন। যেহেতু ইউপি চেয়ারম্যানরা অফিস করছেন না, ফলে পরিষদের কার্যক্রম চলমান রাখার স্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিদর্শনে যেতে হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
এছাড়াও সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাতিজা মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের ছোটভাই সহস্রাম ধুলদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ, সদর উপজেলার দানাপাটুলি ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ ও অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান মো. কাছেদ মিয়াসহ বিভিন্ন উপজেলায় আরও বেশ কিছু চেয়ারম্যানই পৃথক মামলায় আসামি হয়েছেন বলে স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে। এদের মধ্যে দানাপাটুলি ইউপি চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার হলেও অন্যরা পলাতক আছেন।

