৩ ছাত্রদল নেতা গ্রেফতার, আদালতে জুতা নিক্ষেপ ও ফাঁসির দাবি

0
৩ ছাত্রদল নেতা গ্রেফতার, আদালতে জুতা নিক্ষেপ ও ফাঁসির দাবি

জয়নাল আবেদীনঃ রংপুরের কাউনিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর মাদ্রাসা সুপার ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিন ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বিকেলে কড়া পুলিশি পাহারায় আসামিদের আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনরা তাদের লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন এবং ফাঁসির দাবিতে উত্তাল স্লোগান দেন।

দিনভর নানা নাটকীয়তা ও উত্তেজনার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়া এগিয়ে চলছে। রবিবার (৮ নভেম্বর) আলোচিত এই মামলার রিমান্ড ও জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৯ অক্টোবর দুপুরে পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার নটাবাড়ি শিক্ষা কল্যাণ ট্রাস্ট মাদ্রাসার সুপার ফখরুল আলম রতন মোটরসাইকেলযোগে নিজ বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার হরিনচরণ লস্কর গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির নিকটবর্তী একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করা হয়।

জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে কাউনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মজনু মিয়ার নেতৃত্বে মোট ৯ জন সন্ত্রাসী ফখরুল আলম রতনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও নৃশংসভাবে জখম করে। রতনের মৃত্যু নিশ্চিত হওয়ার পরেই তারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী শাম্মি আখতার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী।

চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন মজনু মিয়া কাউনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক (প্রধান আসামি)। রিজু মিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি। হায়দার আলী ওয়ার্ড ছাত্রদল নেতা।

শনিবার বিকেলে গ্রেফতারকৃত তিন আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আনা হয়। এ সময় আদালতের চত্বরে উপস্থিত বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। আসামিদের আদালতে তোলার সময় তাদের লক্ষ্য করে শত শত জুতা নিক্ষেপ করা হয়, যার কয়েকটি আসামিদের শরীরে গিয়ে আঘাত করে। পুলিশি বলয় তৈরি করে দ্রুত তাদের এজলাসে নিয়ে যাওয়া হয়।

আদালত চত্বরে নিহত রতনের বড় ভাই মিলন অভিযোগ করে বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে তাদের জমি জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছিল। এ বিষয়ে তারা স্থানীয় উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা ‘অভিযোগ করার ফল হাতেনাতে দেখাবে’ বলে হুমকি দেয় এবং ১৯ অক্টোবর প্রকাশ্য দিবালোকে তার ছোট ভাইকে নৃশংসভাবে হত্যা করে।

অন্যদিকে, নিহতের স্ত্রী ও মামলার বাদী শাম্মি আখতার আসামিদের ফাঁসির দাবি জানিয়ে আদালত চত্বরে বিলাপ করতে থাকেন। তার কান্নায় সেখানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে শোক ও ক্ষোভের এক মর্মান্তিক পরিবেশের সৃষ্টি হয়।

আসামিদের আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়।

বাদীপক্ষের আইনজীবী জুয়েল রহমান রানা জানান, আসামিরা প্রকাশ্যে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে। তারা আদালতে রিমান্ডের পক্ষে এবং জামিনের তীব্র বিরোধিতা করেছেন। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে রবিবার রিমান্ড ও জামিন আদেশের দিন ধার্য করেন। শুনানির পর কঠোর পুলিশি পাহারায় আসামিদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এলাকাবাসী ও নিহতের পরিবার দ্রুত এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদেরও গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।