ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিন ব্যাপী মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন এবং ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তানভীর মাহতাব (রাসেল)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনপিসিবিএলের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট এস. এম. মাহমুদ আরাফাত।
এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
এলাকাবাসীদের মতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে এনপিসিবিএলের এ ধরনের জনহিতকর উদ্যোগ প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা ও মানবিক অঙ্গীকারের ইতিবাচক প্রতিফলন।

