জয়নাল আবেদীন: বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদের নামে গঠিত ফাউন্ডেশনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রতিশ্রুতির ৪৮ ঘন্টার মধ্যেই ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।
রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে আবু সাঈদের মা-বাবার হাতে এ চেক হস্তান্তর করেন বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়নের ২৯ বিজিবি সহকারী পরিচালক মু. মাহবুবুর রহমান খান । বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাংবাদিকদের কাছে পাঠানো তথ্য এ কথা জানানো হয়।
উল্লেখ্য গত ২ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে যান। সেখানে তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি দেশের অসহায়, দুস্থ ও গরিব মানুষের সাহায্যার্থে গঠিত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

