এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা মারা গেছেন। এঘটনায় অপর মোটরসাইকেলের আরোহীও আহত হয়েছেন। তাঁকে জয়পুরহাট জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি। বুধবার ( ১ জানুয়ারী) সকাল সোয়া আটটায় জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, দেলোয়ার হোসেন (৩৫)। তিনি সদর উপজেলার চৌমুহনী দণ্ডপানি গ্রামের মাফেজ উদ্দিনের ছেলে। নিহত দেলোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতি। জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্র নিহত দেলোয়ার হোসেনের দলীয় পরিচয় নিশ্চিত করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে জয়পুরহাট শহরের উদ্দেশে রওনা দেন। তিনি মোটরসাইকেল নিয়ে গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল সিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

