শহিদুল ইসলাম: যশোরের যস’খেজুরের রস’কথাটি দেশব্যাপী প্রচলন থাকলেও আগের মতো খেজুর গাছ না থাকায় নতুন প্রজন্ম জানেনা খেজুর রসের স্বাদ।
অনেকের স্বাদের রস খাওয়ার ইচ্ছা থাকলেও প্রাপ্য হচ্ছে না।
এক সময় যশোরের শার্শা উপজেলায় প্রতিটি গ্রামের মানুষের বাড়িতে, সড়কের ধারে জমির আইলে সারি সারি খেজুর গাছ দেখা যেত। শীতকাল আসলে গাছিরা বিকালে গাছ কেটে রস নেওয়ার পাত্র(ভাড়) বসিয়ে পরদিন সকালে ফযরের নামাজের পর গাছ থেকে রস ভর্তি ভাড় নামিয়ে বিক্রি করত। এখন খেজুর গাছ নেই বললেই চলে। মাঝে মাঝে দু একটি খেজুর গাছ থাকলেও তাও সবল নয়। দুর্বল প্রকৃতির গাছগুলো থেকে আগের মতো রস পড়ে না।
গাছিরা পরিবেশ দূষণকে দায়ি করে বলছেন, আগে পরিবেশ ছিল ভালো, প্রতিটি ফল ফলাদির গাছে ছিল ফুলে ফলে ভরা। বিভিন্ন পরিবেশ দূষণের কবলে পড়ে ফল মূলের গাছে আগের মতো ফল ধরে না। আগে সকালে রস নেওয়ার পাত্র(ভাড়) নামিয়ে রস নিয়ে যাওয়ার পরও গাছে ফোঁটায় ফোঁটায় অবিরত ঝড়তে থাকত যা থেকে পরবর্তী দুদিন ও রস নেওয়া যেত।
খেজুর রস সংগ্রহকারী শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের জুলফিকার আলী টিকু বলেন, দুই বছর আগে তিনি প্রায় ১০০ গাছ থেকে দৈনিক রস সংগ্রহ হতো প্রায় ৮০/৯০ ভাড়। আর এ বছর এসে সংগ্রহ হচ্ছে ৪০/৫০ ভাড়। তিনি আরও বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন দূষণে গাছের শক্তি ও ভিটামিন কমে গেছে।
তার মতে আগে প্রচুর খেজুর গাছ ছিল অত্র এলাকায়, কিন্তু পরিবেশ দূষণ ও গাছের মালিকরা গাছগুলো লাকড়ি(জ্বালানী কাঠ) হিসেবে বিক্রি করে দেয়ায় খেজুর গাছ ক্রমেই হারিয়ে যাচ্ছে।
এক সময় প্রতি ভাড় খেজুর রস বিক্রি হতো ৮-১০ টাকায়। বর্তমানে সে খেজুরের রস ২০০ থেকে ২৫০ টাকা প্রতি ভাড় । অনেক জায়গাতে ৩০০ টাকাও বিক্রি হচ্ছে।
তিনি আরো জানান, রসের চাহিদা অনেক, কিন্তু এরপরও চাহিদা মতো দেয়া যায় না, অনেকে রস ওর্ডার করে দিতে পারিনা বলে রাগ ও করেন। পালা করে করে রস দিতে হচ্ছে ক্রেতাদের। রসের পিঠার মজাই আলাদা বলে বছরে একবার প্রতিটি পরিবারে রস সংগ্রহ করে গ্রাম বাংলার ঐতিহ্য রসের পিঠা (ভাপা পিঠা), গুরা পিঠা, চিতল পিঠা, পাটিসাপটা,রসের পিঠা,খির খেয়ে থাকেন। আবার অনেকেই আপনজনের বাসায়ও নিয়ে যান দৃষ্টি গোছরের জন্য খেজুর রস ও গুড়।
সূযোগের অভাবে দুরন্ত কিশোররা আগের মতো পথের খেজুর গাছের ফোঁটা রস আর খেতে পারে না। খেজুর রস পানের আগ্রহ কোনো কালেই যেন বিলুপ্ত না হয় সেজন্য পরিবেশ বান্ধব এই খেজুর গাছ লাগানো ও বনভিবাগ কর্তৃপক্ষের যথাযথ ভূমিকা নেয়ার দাবি করেন তিনি।
যশোরের শার্শা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, গ্রাম-বাংলা তথা যশোরের ঐতিহ্য রক্ষা করতে উপজেলার বিভিন্ন সড়ক ও জমির আইলে খেজুর গাছের চারা রোপণ করা হয়েছে। এ পেশার সঙ্গে জড়িত গাছিদের নিয়ে সমাবেশ করে তাদের উৎসাহ দেওয়া হচ্ছে।

