উলিপুরে বসতঘরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু
উলিপুর প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে বসতঘরে এক দম্পত্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। এছাড়া নিহত দম্পতির তিন সন্তান পাশের ঘরে থাকায় প্রাণে বেঁচে যান তারা। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার দূর্গম চরাঞ্চল সাহেবের আলগা চর এলাকায়। নিহতরা হলেন,
সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা চরের জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)। জাহাঙ্গীর ওই এলাকার ওয়াহেদ আলীর ছেলে। এ সময় গুরুতর আহত হয়েছেন একই এলাকার জুরান ব্যাপারীর ছেলে বাদশা মিয়া (৬০)।
সাহেবের আলগা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য নুরনবী প্রামাণিক ঘটনার সত্যতা নিশিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে হঠাৎ ঝড়ো বাতাস এবং বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। সে সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম নিজ ঘরেই অবস্থান করছিলেন। হঠাৎ একটি বজ্রপাত আঘাত হানে জাহাঙ্গীরের টিনের ঘরে। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর ও তার স্ত্রীর মৃত্যু হয়। পাশের ঘরে অবস্থান করছিল তাদের তিন সন্তান। ফলে প্রাণে বেঁচে যান তারা। এ ঘটনায় পাশের বাড়ির বাদশা মিয়া গুরুতর আহত হন। নিহত দম্পতি চার সন্তানের জনক বলে জানা যায়। কিছুদিন আগে এক মেয়েকে বিয়ে দেন ওই দম্পতি।
সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, গত রাতে সাহেবের আলগা গ্রামের ঘটনা একটি বেদনাদায়ক। দম্পতি জাহাঙ্গীর হোসেন এবং তার স্ত্রী রুবি বেগম বজ্রপাতে ঘটনা স্থলে মারা যান। পাশের বাড়ির একই এলাকার জুরান ব্যাপারীর ছেলে বাদশা মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া নিহত দম্পতির তিন সন্তান পাশের ঘরে থাকায় তারা প্রাণে বেঁচে যান। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের মাতম।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের লোকজনে কাছে হস্তান্তর করা হয়েছে।
রংপুরে মাছ ধরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
জয়নাল আবেদীনঃ রংপুরে মাছ ধরার সময় বজ্রপাতে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জ্যোতিডাঙ্গা বিলে এ দূর্ঘটনা ঘটে। মিজানুর রহমান পাঁচগাছীর কেশবপুর গ্রামের জলিল মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া। তিনি জানান, সকালে জ্যোতিডাঙ্গা বিলে ডারকি দিয়ে মাছ ধরতে যান মিজানুর। সকালে হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে মিজানুর রহমানের মৃত্যু হয়। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, মিজানুর রহমান দুই সন্তানের জনক। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাধ্যমত তার পরিবারের পাশে দাঁড়াবো। ইউনিয়নবাসীকে বজ্রপাতের সময় বাহিরে অবস্থান না করার পরামর্শ দিয়েছি।
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
নোয়খালী প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো.সাঈদ (২৯) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্ব চরমটুয়া গ্রামে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ২টার উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্ব চরমটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাঈদ একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পূর্বচরমটুয়া গ্রামে হালকা বৃষ্টিপাত শুরু হয়। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়। ওই সময় বৃষ্টিতে বাড়ির পাশে ধানক্ষেতে মাছ ধরতে যান। একপর্যায়ে সেখানে বজ্রপাতে তিনি মারা যান। পরে সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

