এ এম মিজানুর রহমান বুলেট : পটুয়াখালীর কলাপাড়ায় সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা সরবরাহ চক্রের সদস্যরা। এতে ব্যবসায়ী সহ সাধারন মানুষ প্রতিনিয়ত প্রতারনার শিকার হচ্ছে।উপজেলার মৎস্যবন্দর আলীপুর-মহিপুর বাবলাতলা বালিয়াতলী, বানাতী এলাকায় মৎস্য আড়ৎ গুলোতে জাল টাকার লেনদেন বেশী হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সরেজমিনে জানা জায়, এসব জাল টাকার মধ্যে এক হাজার,পাঁচ’শ টাকার নোট ছাড়াও দু’শ এক’শ টাকার নোটও সরবরাহ হচ্ছে বলে জানা গেছে।এসব জাল টাকা সরবরাহকারীরা ধর্মীয় উৎসবের সময় বেশী সক্রিয় থাকে, বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসব এদের প্রধান টার্গেট বলে স্থানীয়দের ধারনা। দীর্যদিন জাল টাকা সরবরাহ চক্রের সদস্যরা এ এলাকায় সক্রিয় থাকলেও ইতিমধ্যে বাবলাতলা বাজারে ধরা পড়েছে এ চক্রের কেউ কেউ। তারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে জাল টাকা এনে সরবরাহ করতেন।এ ঘটনা জানাজানি হলে মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বিশেষ করে ব্যবসায়ী সহ সাধারন মানুষ আতংকগ্রস্থ বেশী।
এ ব্যাপারে একাধিক ব্যবসায়ীদের সাথে আলাপকালে জানা যায়, জাল টাকার কয়েকটি ধরন রয়েছে, কোনটি অতি সহজে চোখে ধরা পড়ে, কোনটি বোঝার উপায় থাকেনা, আবার কোন কোন নোট হাতে ধরে মূল টাকার সাথে পার্থক্য অতি সহজে বোঝা যায়।তবে জাল টাকা সরবরাহকারীরা যেসব দোকানপাটে সাধারনত ক্রেতাদের ভীড় বেশী কিংবা মাছের আড়ৎ, গরু,ছাগলের হাট অথবা সাপ্তাহিক হাট, যেখানে লোকসমাগম বেশী এরা সুযোগ বুঝে সেখানে জাল টাকা চালানোর চেষ্টা করে বলে স্থানীয়রা ধারনা করছেন।
এ জাল টাকা সরবরাহকারীদের কারনে অনেকে প্রতারনার শিকার হয়ে বড় ধরনের ঘাটতিতে পড়ছে।এ জাল টাকা হাতে আসলে কারো কাছে বলাও যায়না,ছিঁড়া-পোরা ছাড়া আর কোন উপায় থাকেনা।
কলাপাড়া থানার ওসি মো জুয়েল ইসলাম বলেন,কিছু দিন পূর্বে জাল টাকাসহ ধরে আদালতে সোপর্দ করেছি।এখনো থানা পুলিশ তৎপর রয়েছে। তবে জনগনেরও সচেতন হতে হবে।

