আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে হস্তক্ষেপ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে ৬টি জাহাজ আটক করেছে তারা। এ ছাড়া সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ জাহাজে থাকা একাধিক অধিকারকর্মীকে আটক করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) রাতে গাজা উপকূল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে ওই নৌযানগুলো ঘেরাও করে ইসরায়েলি সেনারা।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামাস-সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ নিরাপদে আটক করা হয়েছে এবং তাদের যাত্রীদের ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হচ্ছে। গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে গ্রেটাকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ফ্লোটিলা হামাসের সঙ্গে জড়িত বলে দাবির পক্ষে ইসরায়েল কোনো প্রমাণ দেয়নি।
অধিকারকর্মীরা ইসরায়েলের এই পদক্ষেপকে ‘অবৈধ’ ও ‘জলদস্যুতা’ বলে অভিহিত করেছেন।
যে ছয়টি জাহাজ আটক করা হয়েছে সেগুলোর নাম হলো- দেইর ইয়াসিন/মালি, হুগা, স্পেকটার, আদারা, আলমা এবং সিরিয়াস।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজকরা বলছেন, গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করার সময় তাদের নৌবহরের ওপর ‘সক্রিয় আগ্রাসন’ ব্যবহার করছে ইসরায়েলি নৌবাহিনী। ফ্লোরিডার জাহাজটিকে ইচ্ছাকৃতভাবে সমুদ্রে ধাক্কা দেওয়া হয়েছে। ইউলারা, মেটেক এবং অন্য জাহাজগুলোকে জলকামান দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আন্তর্জাতিক এই বহরটিতে ৪০টির বেশি ছোট-বড় জাহাজ এবং প্রায় ৫০০ অধিকারকর্মী রয়েছেন। যারা গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে।
সূত্র: আল-জাজিরা

