রংপুর প্রতিনিধি: রংপুর জেলা বিএনপির সম্মেলনের আমন্ত্রণ জানিয়ে ঢাকা থেকে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে চিরবিদায় নিয়েছেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব পরিচ্ছন্ন রাজনীতিক আনিছুর রহমান লাকু। গতকাল বুধবার সকাল সোয়া ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাংখি রেখে গেছেন।
বাদ আছর রংপুর কালেক্টরেট মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় । জানাজায় সাবেক মন্ত্রী রংপুর বিভাগের বিএনপি‘র কান্ডারি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাবীব উন নবী খান সোহেল ,জেলা প্রশাসন সহ বৃহত্তর রংপুর জেলা থেকে আসা হাজার হাজার নেতা কর্মি অংশ নেয় ।এর আগে তাকে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন করে নেতা কর্মীরা । এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় নুরপুর হোমিও কলেজের সামনে এরপর তার দাফন কার্য সম্পন্ন করা হয় নুরপুর কবরস্থানে ।এদিকে জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর আকস্মিক মৃত্যুতে নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। অনেকেই নগরীর নুরপুরে তার বাড়িতে ভিড় করেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।
দলীয় সূত্র জানায় আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য বিএনপির রংপুর জেলা সম্মেলনে দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানাতে আনিছুর রহমান লাকু ঢাকায় গিয়েছিলেন। সেখানে সাংগঠনিক কাজ শেষে রংপুরে ফেরার পথে বগুড়ার শেরপুরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।রংপুরের পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত আনিছুর রহমান লাকু ইতিপূর্বে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনার শাসনামলে মিথ্যা মামলায় ১০ বছরের সাজা নিয়ে দীর্ঘদিন কারাভোগ করেন। এছাড়াও তৎকালীন সরকারের গুম পার্টি লাকুকে দীর্ঘদিন গুম করে রেখে ছিলেন।
ওই সময় পত্র পত্রিকায় ব্যাপক লেখা লেখির ফলে তাকে জয়পুরহাট জেলা উদ্ধার করে আনে পরিবারের লোকজন ।তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা
ইনামুল হক মাজেদী, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, জেলা ও মহানগর বিএনপি, অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

