সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাতের বেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করা কালে সে মাংস আটক এবং পরে তা ধ্বংস করে দেয়া হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় ইব্রাহিম নামের এক ব্যক্তি একটি গরু জবাই করে মাংস বিক্রি করছিল। স্থানীয়রা জানতে পারে গরুটি রোগাক্রান্ত। তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানকে অবহিত করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উল্লাপাড়া পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আলী আহমদ তাৎক্ষনিক শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ডে গিয়ে বিক্রির জন্য রাখা প্রায় দেড় মণ মাংস আটক করে। এ সময় মাংস বিক্রিতা ইব্রাহিম পালিয়ে যায়। পরে আটককৃত মাংস ধ্বংস করে দেয়া হয়েছে।

