রণক্ষেত্র মানিক মিয়া এভিনিউ

0
রণক্ষেত্র মানিক মিয়া এভিনিউ

বাংলাদেশ প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসনের দাবিতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ”জুলাই যোদ্ধাদের” পিটিয়ে টিয়ারশেল ছুড়ে সরাল পুলিশ।

জুলাই শহীদদের পরিবার ও আহতরা শুক্রবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ”জুলাই সনদ” ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকলে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ মঞ্চে এসে তাদের দাবি পূরণে জুলাই সনদে সংশোধনী আনার ঘোষণা দেন।

ওই প্রতিশ্রুতির পরও ”জুলাই যোদ্ধারা” সেখান থেকে না সরলে পুলিশ ধাওয়া দিয়ে ও লাঠিপেটা করে সেখান থেকে তাদের সরায়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে পুলিশ।

মানিক মিয়া এভিনিউয়ের পুরোটা এখন পুলিশের নিয়ন্ত্রণে। আন্দোলনকারী জুলাই যোদ্ধারের একটি গ্রুপ আড়ংয়ের দিকে, আরেকটি গ্রুপ খামার বাড়ির দিকে অবস্থান করছে। থেমে থেমে সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ। বহুল প্রতীক্ষিত ”জুলাই জাতীয় সনদ” স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে আজ। বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ সনদ স্বাক্ষরিত হওয়ার কথা।