কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ

0
কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ

বাংলাদেশ প্রতিবেদক : আজ (শুক্রবার) সকালে রাজধানীর বাংলামোটরে ইস্কাটন নেভি কলোনিতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ করে।আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে।

বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে যাচ্ছে দেশের অধিকাংশ রাজনৈতিক দল। কিছু বিষয়ে আপত্তি জানিয়ে স্বাক্ষর না করার কথা বলেছে বাম গণতান্ত্রিক শক্তি।

তিনি বলেন, “আজকে একটি ঐতিহাসিক দিন, যে দিন কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে স্বাক্ষর করছে। আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থানের জানান দিচ্ছে। একদিন এই শ্রমিক শক্তি জয়ী হবে।”

শেখ হাসিনার শাসনামালে শ্রমিক নির্যাতনের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, “স্বৈরাচারী শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে শ্রমিকরা। ২০২৪ সালের দিকেও শ্রমিকদেরকে ন্যায্য মজুরির জন্য আন্দোলন করতে হয়েছিল। পুলিশের গুলিতে অনেকে নিহত হয়েছিলেন।

নাহিদ ইসলাম বলেন, “আজও শ্রমিকদের মুক্তি আসেনি। এখনো শ্রমিকেরা ন্যায্য মজুরির জন্য লড়াই করে যাচ্ছেন। গার্মেন্টসে আগুন লাগছে। বস্তিতে আগুন লাগছে। কলকারখানায় আগুন লাগছে। শ্রমিক মারা গেলে দুই লাখ, তিন লাখ টাকায় জীবনের দাম নির্ধারণ করা হয়। শ্রমিকের জীবনের কোনো মূল্য হয় না। শ্রমিকের শ্রমকে কেবল অর্থনীতি শোষণের কেন্দ্রে ভাবলে চলবে না।”

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের ন্যায্য অধিকারও নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করাও শ্রমিকশক্তির অন্যতম লক্ষ্য।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, নাহিদা সারওয়ার নিভা, আল আমিনসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।