মিল্কভিটার এমডি’র অপসারনসহ ৬ দফা দাবিতে বাঘাবাড়ীতে সমবায়ীদের সমাবেশ

0
মিল্কভিটার এমডি'র অপসারনসহ ৬ দফা দাবিতে বাঘাবাড়ীতে সমবায়ীদের সমাবেশ

বিমল কুন্ডু : বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড-মিল্কভিটার এমডি’র অপসারণ, দুধের দাম প্রতি লিটার ১০ টাকা বৃদ্ধি ও নির্বাচনের মাধ্যমে সমবায় বান্ধব কমিটি গঠনসহ ৬ দফা দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী মিল্কভিটার আওতাধীন সমবায়ীরা সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বাঘাবাড়ি মিল্কভিটা সংলগ্ন উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ ও পাবনা জেলার দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীবৃন্দ এ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সমবায়ী সুবীর কুমার ঘোষ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মিল্কভিটা ব্যাবস্থাপনা কমিটির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ও পাবনা জেলার প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি এনামুল হক নয়ন, কালাম চৌধুরী, বেলায়েত হোসেন বেল্লাল, আলতাফ হোসেন সরকার, শামসুল আলম, আব্দুল আউয়াল, আব্দুর রকিব রুমি প্রমূখ। বক্তারা অবিলম্বে বর্তমান এমডি’র অপসারণ , দুধের দাম লিটার প্রতি ১০ টাকা হারে বৃদ্ধি, নির্বাচনের মাধ্যমে সমবায় বান্ধব কমিটি গঠনসহ ৬ দফা দাবি মেনে নেয়ার আহবান জানান। সমাবেশ থেকে কর্তৃপক্ষকে ৭ দিনের আল্টিমেটাম দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে আগামী ২ নভেম্বর থেকে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।

প্রধান বক্তা আব্দুর রাজ্জাক বলেন, প্রায় তিন মাস যাবত মিল্কভিটার কোন কমিটি নেই। পরপর দুইবার অসমবায়ীদের দ্বারা এডহক কমিটি গঠন করে মিল্কভিটা পরিচালনা করা হয়। বর্তমানে উক্ত এডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও এখনো তারা বহাল তবিয়তে আছেন। তিনি বলেন, বর্তমান এমডি জাহিদুল ইসলাম সমবায়ী নন। ফলে তিনি সমবায়ীদের স্বার্থ রক্ষায় কোন কাজই করেন না। দুধের ন্যায্য মূল্য না পেয়ে সমবয়ীরা আজ পথে বসার উপক্রম হয়েছে। ইতিমধ্যেই অনেক সমবায়ী তাদের গবাদিপশু বিক্রি করে অন্য পেশায় চলে গেছেন। তিনি বলেন মিল্কভিটা সমবায়ীদের কাছ থেকে ফ্যাট অনুযায়ী প্রতি লিটার দুধ ৪৫ থেকে ৫০ টাকা হারে ক্রয় করে। পক্ষান্তরে মিল্কভিটা ওই দুধ ১’শ টাকায় বিক্রি করে। সমবায়ীরা দীর্ঘদিন ধরে দুধের দাম লিটার প্রতি ১০ টাকা বৃদ্ধির দাবি করে আসলেও বর্তমান এমডি জাহিদুল ইসলাম সে দাবি পূরণ না করে উল্টো কর্মকর্তাদের ২০% বেতন বৃদ্ধি করেছেন। তিনি আরো বলেন, এমডি জাহিদুল ইসলাম প্রধান কার্যালয়ে কর্মরত তার ৬ জন সহযোগী ডা: আক্তার হোসেন নোবেল (ব্যবস্থাপক, সমিতি), আব্দুল ওয়াহিদ (উপ-ব্যবস্থাপক, কেন্দ্রীয় গুদাম), একরামুল হোসেন মুকুল (উপ-ব্যবস্থাপক, পরিকল্পনা), আব্দুর রউফ লাভলু ,(জুনিয়র অফিসার বিপণন, ডিডিপি), মোঃ হাইদুল ইসলাম (অফিস সহকারী ও সুপারভাইজার, সমিতি বিভাগ), জিল্লুর রহমান (ওয়ার্কার গ্রেড-৩, বিপণন) এর সাথে যোগসাজোসে ইচ্ছেমতো মিল্কভিটা পরিচালনা করছেন। তিনি অবিলম্বে এমডি জাহিদুল ইসলামের অপসারণ এবং তার ৬ সহযোগিকে মিল্কভিটার প্রধান কার্যালয় থেকে অন্যত্র বদলির দাবি জানান।

সমাবেশে তিনি সমবায়ীদের ৬ দফা দাবি মেনে নেয়া হলে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ করে দেওয়ার প্রস্তাব করলে উপস্থিত শত শত সমবায়ী উক্ত প্রস্তাবের পক্ষে হাত তুলে সমর্থন জানিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় প্রধান বক্তা আগামী ৭ দিনের মধ্যে সমবায়ীদের দাবি মেনে নেয়ার আহবান জানান। অন্যথায় আগামী ২ নভেম্বর থেকে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধের ঘোষণা দেন। প্রধান বক্তা আব্দুর রাজ্জাক আরো বলেন, ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যূত্থানে ফ্যাসিবাদের পতন হওয়ার পর সমবায়ীরা আশায় বুক বেধেছিল। কিন্তু এখনো ফ্যাসিবাদের দোসররা এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি জানান ২০০৬ সন থেকে দেশের বৃহত্তম দুগ্ধ কারখানা বাঘাবাড়ি মিল্কভিটা সমবায়ীদের কাছ থেকে দেড় লাখ থেকে ২ লাখ লিটার দুধ ক্রয় করতো। কিন্তু বর্তমানে মাত্র ১৫ থেকে ২০ হাজার লিটার দুধ কেনা হচ্ছে।

সমাবেশ শেষে দুপুর ১ টায় একই স্থানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মিল্ক ভিটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং সমবায়ীদের ন্যায্য দাবি সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনা জেলার তিন শতাধিক প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমতিরি সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন।