গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে সরকারি অর্থায়ন পাচ্ছে আরডিআরএস বাংলাদেশ

0
গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে সরকারি অর্থায়ন পাচ্ছে আরডিআরএস বাংলাদেশ

জয়নাল আবেদীনঃ গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে এবার সরকারি অর্থায়ন পাচ্ছে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড (এনএইচআরডিএফ) এই অর্থায়ন করছে।

গতকাল রোববার ঢাকার এনএইচআরডিএফ কনফারেন্স হলে এই বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। আরডিআরএস বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান এবং এনএইচআরডিএফ প্রকল্পের হয়ে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতিকুল ইসলাম। এই চুক্তির আওতায় মোট ১শ৯২ জন প্রশিক্ষণার্থী টেইলরিং, ড্রেস মেকিং এবং মোবাইল সার্ভিসিং- বিষয়ে অনুদানসহ তিনমাসের কারিগরি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

এই চুক্তির ফলে রংপুর বিভাগের নীলফামারী জেলার প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে উন্নতমানের কারিগরি প্রশিক্ষণ লাভের সুযোগ পাবেন, যা তাদের কর্মসংস্থান সৃষ্টিতে এবং সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।