শাহজাদপুরে দুই যুবককে হত্যার অভিযোগ ; লাশ উদ্ধার

0
শাহজাদপুরে দুই যুবককে হত্যার অভিযোগ ; লাশ উদ্ধার

বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রাম থেকে আব্দুল করিম (২৫) ও পূর্ব চরকৈজুরী গ্রাম থেকে সিরাজুল ইসলাম নামে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে শাহজাদপুর থানা পুলিশ ওই দুই যুবকের লাশ উদ্ধার করে। এদের মধ্যে পরকীয়া প্রেমিকের পরামর্শে আব্দুল করিমকে তার স্ত্রী তানজিলা খাতুন গ্যাস ট্যাবলেট (ইঁদুর মারা বিষ) খাইয়ে হত্যা করেছে এবং সিরাজুল ইসলামকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে।

জানা গেছে, উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে পরকীয়া প্রেমিকের পরামর্শে স্বামী আব্দুল করিমকে (২৫) কৌশলে গ্যাস ট্যাবলেট (ইদুর মারার বিষ) খাইয়ে হত্যা করেছে স্ত্রী তানজিলা খাতুন। খবর পেয়ে বুধবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত তানজিলা খাতুনকে আটক করেছে । নিহত আব্দুল করিম (২৫) নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, এক মাস পূর্বে নন্দলালপুর গ্রামের মিশু গাড়ী চালক আব্দুল করিমের সাথে পাবনার সাথিয়া উপজেলার বাওইটোলা গ্রামের হাচেন আলীর মেয়ের তানজিলা খাতুনের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই তানজিলার সাথে প্রতিবেশী সিএনজি চালক নূর আলম ওরফে নাহিদের প্রেমের সম্পর্ক ছিলো। এক পর্যায়ে প্রেমিক নাহিদ ও তানজিলা তার স্বামী করিমকে মেরে ফেলার পরিকল্পনা করে। এর অংশ হিসেবে প্রেমিক নাহিদ তানজিলাকে গ্যাস ট্যাবলেট কিনে দেয় এবং কৃমির ট্যাবলেট হিসেবে স্বামী করিমকে খাওয়ানোর পরামর্শ দেয়। গত সোমবার (২৭ অক্টোবর) রাতে তানজিলা তার স্বামী করিমকে কৌশলে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। এতে করিম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় নূরজাহান হাসপাতাল ও পরে এনায়েতপুর খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীণ অবস্থায় বুধবার (২৯ অক্টোবর) করিমের মৃত্যু হয়। থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিলা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করেছে।

অপরদিকে একই দিন বুধবার (২৯ অক্টোবর) উপজেলার কৈজুরী ইউনিয়নের পূর্ব চরকৈজুরী গ্রামের রাস্তার পাশে পড়ে থাকা সিরাজুল মন্ডল (২৪) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সিরাজুল মন্ডল কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহাদত মন্ডলের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিরাজুলের লাশ উদ্ধার করেছে।

নিহত সিরাজুলের বড় ভাই আজিজুল মন্ডল জানান, তার ভাই দীর্ঘদিন প্রবাসে থেকে সম্প্রতি দেশে এসেছে ।‌ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কে বা কারা সিরাজুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়ি ফেরেনি। পরদিন স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ শেষে গ্রামের রাস্তার পাশে সিরাজুলের ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে তার স্বজনদের খবর দেয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, সিরাজুলকে ধারালো অস্ত্র দ্বারা উপর্যপুরি আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি আরো জানান উদ্ধারকৃত দুই মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় পৃথক দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে দুই যুবকের হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।