ফুলবাড়ী প্রতিনিধি: ৭ নভেম্বর ২০২৫ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) গভীর রাতে ভারতীয় বিএসএফের হাতে তিন বাংলাদেশি আটক হন। আটকৃত বাংলাদেশিরা হলেন- ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী বাহাতন বেওয়া (৪৮), তার মেয়ে ও ঘুঘুরহাট গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী বানেছা বেগম (৩৫) এবং নাতি আলী হক (১৭)। পুলিশ জানায়, চোরাই পথে বাংলাদেশে ফেরত আসার সময় বিএসএফের হাতে ধরা পড়েন।
রাতে বালাতাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩২ এর ২ এসের পাশ দিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ তাদেরকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে।
বিজিবি অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক তিনজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে। সোপর্দ: মামলার পর আজ, শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিজিবি সদস্যরা তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, আটককৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

