বাংলাদেশ প্রতিবেদকঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর একটা মিরাকল হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ছাত্রশিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট লাভ করেছে। এটি প্রমাণ করেছে যে, ছাত্রশিবির একটা মাত্র সংগঠন নয়, শিবির হলো সমগ্র দেশের ছাত্র-সমাজ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে। গাঁজা-মদের আড্ডা বন্ধ হয়েছে। ডালের ঘনত্ব বেড়েছে।
তিনি বলেন, তরুণ ছাত্র-ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছে। আগামী নির্বাচনেও ৪ কোটি তরুণ ছাত্র সমাজ সেই ধারাবাহিকতায় বাংলাদেশের পজেটিভ পরিবর্তনের জন্য আদর্শবাদী দলগুলোকে যেন বিজয়ী করে।

